মালদায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারের সামনে এক ড্রোন নিয়ে রহস্য তৈরি হয়। মালতিপুরের জনসভা সেরে গাজোল যাওয়ার সময় হেলিকপ্টারে ওঠার সময় নজরে পড়ে ড্রোনের গতিবিধি।
বেশ কিছুক্ষণ হেলিকপ্টারের সিঁড়িতে দাঁড়িয়ে নিজে বিষয়টার উপর নজর রাখেন তিনি। বলেন, “কারা এসব করছেন, তা নজরে রাখা দরকার। পুলিশের এদের চিহ্নিত করতে হবে।”
রাজ্যজুড়ে দলের প্রার্থীদের হয়ে ঝোড়ো প্রচার করছেন তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার মালদায় একাধিক জনসভা ও পথযাত্রায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে প্রথমে মালতিপুরে নির্বাচনী জনসভা করেন তিনি। তারপর যাওয়ার কথা গাজোলে।
গাজোল যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে ওঠার সময় আচমকা আকাশে দেখা যায় একটি রহস্যময় ড্রোন। স্বাভাবিকভাবেই সকলে হতচকিত হয়ে পড়েন। মুখ্যমন্ত্রীর সফরের সময় আকাশপথ পরিষ্কার থাকার কথা। সেখানে এই ড্রোনের ঘোরাফেরা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দেয়।


Recent Comments