দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের দেউল গ্রাম পঞ্চায়েতের নাভোর আদিবাসী এলাকায় সাধারণ মানুষের কাছে সরাসরি সরকারি পরিষেবা পৌঁছে দিতে আয়োজন করা হল ‘জন ভাগিদারি’ শিবিরের। কুশমন্ডি ব্লক প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই বিশেষ কর্মসূচিকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।
এই শিবিরে উপস্থিত ছিলেন কুশমন্ডি বিধানসভার বিজেপি বিধায়ক তাপস চন্দ্র রায়। এছাড়াও উপস্থিত ছিলেন কুশমন্ডি ব্লকের জয়েন্ট বিডিও রুপা গুপ্তা, কুশমন্ডি থানার আইসি তরুণ সাহা, স্বাস্থ্য দপ্তরের আধিকারিক অমিত দাস সহ প্রশাসনের বিভিন্ন বিভাগের আধিকারিকরা।
মূলত নাভোর ও জাহাঙ্গীরপুর এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষের কাছে সরকারি প্রকল্প, স্বাস্থ্য পরিষেবা এবং প্রশাসনিক সহায়তা সহজভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়। শিবিরে উপস্থিত সাধারণ মানুষ বিভিন্ন সরকারি সুবিধা সম্পর্কে তথ্য জানার পাশাপাশি প্রয়োজনীয় সহায়তাও পান।
কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক তাপস চন্দ্র রায় বলেন, প্রান্তিক ও আদিবাসী এলাকার মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে প্রশাসন বদ্ধপরিকর। সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই এই ধরনের ‘জন ভাগিদারি’ কর্মসূচির আয়োজন করা হচ্ছে এবং ভবিষ্যতেও এই উদ্যোগ চালিয়ে যাওয়া হবে।
স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের বক্তব্য, প্রশাসন ও জনপ্রতিনিধিদের সরাসরি উপস্থিতিতে এলাকার মানুষ সরকারি সুযোগ-সুবিধা সম্পর্কে আরও সচেতন হচ্ছেন এবং দ্রুত পরিষেবা পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে।

Recent Comments