পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজ্যে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীর (CAPF) মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বিধানসভা নির্বাচনের পরবর্তী পরিস্থিতির ওপর নজর রেখে রাজ্য সরকার অক্টোবর মাস পর্যন্ত বাহিনী রেখে দেওয়ার আর্জি জানালেও, কেন্দ্র আপাতত আগামী ২০ জুন, ২০২৬ পর্যন্ত বাহিনী বহাল রাখার অনুমতি দিয়েছে।
সূত্রের খবর, রাজ্যের আবেদন খতিয়ে দেখে আপাতত এক মাসের জন্য এই সুরক্ষাকবচ বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে রাজ্যে মোট ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে, যা আগামী ২০ জুন পর্যন্ত বহাল থাকবে। এই ৫০০ কোম্পানি বাহিনীর বিন্যাস নিম্নরূপ:
- সিআরপিএফ (CRPF): ২০০ কোম্পানি
- বিএসএফ (BSF): ১৫০ কোম্পানি
- সিআইএসএফ (CISF): ৫০ কোম্পানি
- আইটিবিপি (ITBP): ৫০ কোম্পানি
- এসএসবি (SSB): ৫০ কোম্পানি
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, এই বাহিনীর নিরাপত্তা ও পরিচালনার যাবতীয় দায়িত্ব বহন করতে হবে রাজ্য সরকারকেই। জওয়ানদের থাকা-খাওয়ার ব্যবস্থা, প্রয়োজনীয় লজিস্টিকস, যাতায়াতের জন্য পরিবহন এবং আনুষঙ্গিক প্রশাসনিক পরিকাঠামোর পুরো খরচ এবং দায়িত্ব রাজ্যকে নিশ্চিত করতে হবে। অপারেশনাল প্রয়োজনে এই পরিকাঠামো দ্রুত সচল রাখার কড়া নির্দেশও দেওয়া হয়েছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রাজ্যে সরকার গঠনের পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক সংঘাত ও আইনশৃঙ্খলার ঘটনাকে কেন্দ্র করে নবান্ন চেয়েছিল পুজোর মরশুম পর্যন্ত বাহিনীর মেয়াদ বাড়াতে। তবে আপাতত কেন্দ্র ২০ জুন পর্যন্তই সময়সীমা নির্ধারণ করেছে। এর পরবর্তী সময়ে বাহিনী প্রত্যাহার করা হবে নাকি রাজ্য সরকার ফের নতুন করে মেয়াদের জন্য আবেদন জানাবে, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে।


Recent Comments