বিধানসভা নির্বাচনে চারপাশের গেরুয়া ঝড়ের মাঝেও নিজের দুর্গ অক্ষুণ্ণ রেখেছিলেন। কামারহাটি বিধানসভা আসনে ঘাসফুল ফুটিয়ে দলের প্রতি নিজের আনুগত্য এবং জনপ্রিয়তার প্রমাণ দিয়েছিলেন আগেই। এবার সেই ‘সাফল্যের’ বড় পুরষ্কার পেলেন মদন মিত্র। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দমদম লোকসভা সাংগঠনিক জেলার নতুন সভাপতি হিসেবে ঘোষণা করা হল তাঁর নাম।
রবিবার, ২৪শে মে ২০২৬-এ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন নিয়োগের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের চেয়ারপার্সন তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ও নির্দেশেই মদন মিত্রকে এই গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব দেওয়া হচ্ছে। কামারহাটির বিধায়ককে দমদম লোকসভা সাংগঠনিক জেলার সভাপতি পদের দায়িত্ব দিয়ে দল তাঁর ওপর ফের একবার আস্থা প্রকাশ করল বলেই মনে করছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।
অন্যদিকে, রদবদল হয়েছে যুব সংগঠনেও। অন্য একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তৃণমূল যুব কংগ্রেসের দক্ষিণ কলকাতার সভাপতি করা হয়েছে শ্রীদীপ দাসকে। এই পদে আগে ছিলেন সার্থক বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে সার্থক বলেন যে, “এ নিয়ে আমার কিছু বলার নেই। দল মনে করেছে তাই সরিয়েছে। এর বেশি কিছু জানিনা।”
প্রসঙ্গত, দমদম এবং ব্যারাকপুরের সংগঠনের দায়িত্বে ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। কিছুদিন আগেই, সাহিত্য ও নাটকের প্রতি আগ্রহী বিজেপির রাজ্য সভাপতি ও রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য কলকাতার মঞ্চে উপস্থিত হন তাঁর প্রিয় কবি শক্তি চট্টোপাধ্যায়ের জীবন অবলম্বনে তৈরি নাটক ‘আ-শক্তি’ দেখতে। আর সেই নাটকের অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। নাটক শেষে গ্রিনরুমে গিয়ে অভিনেতাদের অভিনন্দনও জানান শমীক ভট্টাচার্য। অভিনেতা পার্থের অভিনয়ের প্রশংসা করে তিনি বলেন, “পার্থ যখন নেতা হয়নি, তখন থেকেই ওর অভিনয় আমি দেখেছি। নেতা পার্থ আমার কাছে নতুন, অভিনেতা নয়।”
রাজনৈতিক মহলের মতে, আগামিদিনে লোকসভা নির্বাচনের আগে ফের একবার ধিরে ধিরে দলকে গুছিয়ে নিচ্ছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই এই রদবদল করা হয়েছে। দমদম ও দক্ষিণ কলকাতায় দলের সংগঠনকে আরও মজবুত করতেই এই এই বদল করলেন তৃণমূল সুপ্রিমো।
কামারহাটির জয়ের পর থেকেই মদন মিত্রের সাংগঠনিক গুরুত্ব বাড়ার জল্পনা চলছিল, যা আজ সিলমোহর পেল। নতুন এই গুরুদায়িত্ব পাওয়ার পর কামারহাটির বিধায়ক আগামী দিনে দমদম সাংগঠনিক জেলায় দলের রাশ কীভাবে শক্ত করেন, এখন সেটাই দেখার।


Recent Comments