সরকারি জমির লিজহোল্ড স্বত্ব বন্ধক রেখে ঋণ নেওয়া এবং পরে সেই সম্পত্তি অনুমতি ছাড়াই অন্য সংস্থা ও বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ উঠল বর্তমান ম্যাগাজিনসের বিরুদ্ধে। এই অভিযোগে সংস্থাটিকে শোকজ নোটিস পাঠিয়েছে নগরোন্নয়ন দফতর। তিন দিনের মধ্যে অনিয়ম দূর করে সন্তোষজনক জবাব না দিলে সল্টলেকের জমির লিজ বাতিল করে পুনরায় দখল নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে রাজ্য সরকার।
অভিযোগ, প্রিন্টিং প্রেস আধুনিকীকরণ এবং ওয়ার্কিং ক্যাপিটালের জন্য সরকারি জমির লিজহোল্ড স্বত্ব বন্ধক রেখে ঋণ নেওয়া হয়েছিল। কিন্তু সেই ঋণের টাকা কোন খাতে এবং কীভাবে ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে দফতরের কাছে স্পষ্ট কোনও তথ্য নেই। সরকারের দাবি, লিজের শর্ত ভেঙে ওই সম্পত্তি অন্য উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে এবং অন্য সংস্থার নামেও ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে।
তদন্তে জানা গিয়েছে, ভবনের তৃতীয় তলায় Max Life Insurance-কে অফিস চালানোর অনুমতি দেওয়া হয়েছিল। এছাড়াও ২০২৫ সালে চতুর্থ ও সপ্তম তলার বড় অংশ যথাক্রমে কনকর্ড ডায়াগনস্টিক সেন্টার এবং লুমিনা হেলথ সেন্টারকে ভাড়া দেওয়ার প্রস্তাব জমা পড়ে। এই ঘটনায় প্রায় ৭৫.৮ লক্ষ টাকার দাবি নোটিস জারি করা হলেও নির্ধারিত সময়ের মধ্যে সেই টাকা জমা হয়নি বলে অভিযোগ। পরে সংস্থার তরফে জানানো হয়, ভাড়াটেরা জায়গা ছেড়ে চলে গিয়েছে। তবে সরকারের বক্তব্য, অনুমোদন ছাড়াই কিছু সময় ওই ইউনিটগুলি ব্যবহৃত হওয়ায় অডিট আপত্তি উঠেছে।
নোটিসে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের নভেম্বরে Aditya Birla Sun Life Insurance-এর সঙ্গে একটি লিজ চুক্তি করা হয়েছিল। সরকারের অভিযোগ, এই চুক্তির আগে প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি। পরে সেই চুক্তি বাতিল করে প্রয়োজনীয় নথি জমা দিতে বলা হলেও সন্তোষজনক জবাব পাওয়া যায়নি।
তদন্তে পঞ্চম তলায় ‘আদিত্য বিড়লা ক্যাপিটাল’ নামে একটি সংস্থার কার্যকলাপেরও খোঁজ মিলেছে। দফতরের দাবি, এই ব্যবহার লিজ চুক্তির শর্তের বিরোধী। নগরোন্নয়ন দফতরের মতে, লিজের ২(৭), ২(৮) এবং ২(৯) ধারার একাধিক শর্ত লঙ্ঘন হয়েছে।
এখন বর্তমান ম্যাগাজিনসের জবাবের দিকেই নজর প্রশাসনের। নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা সন্তোষজনক না হলে সল্টলেকের গুরুত্বপূর্ণ ওই সরকারি জমির লিজ বাতিলের পথে হাঁটতে পারে রাজ্য সরকার।


Recent Comments