অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়াকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জেলায় মহিলাদের বিক্ষোভের মধ্যেই তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে তৃণমূল সরকার সাধারণ মানুষের মধ্যে এমন প্রত্যাশা তৈরি করেছে যে, অনেকেই মনে করছেন সব সরকারি প্রকল্পের সুবিধা সকলের পাওয়ার কথা।
রাজ্যের বিভিন্ন প্রান্তে অন্নপূর্ণা যোজনার আওতায় তিন হাজার টাকা না পাওয়ার অভিযোগ তুলে বিক্ষোভে শামিল হয়েছেন বহু মহিলা। কোথাও রাস্তা অবরোধ, আবার কোথাও রেললাইন অবরোধের মতো ঘটনাও ঘটেছে। বিক্ষোভকারীদের একাংশের দাবি, যোগ্য হওয়া সত্ত্বেও তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও প্রকল্পের টাকা জমা পড়েনি।
এই পরিস্থিতিতে দিলীপ ঘোষ বলেন, সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য নির্দিষ্ট নিয়ম ও যোগ্যতার মানদণ্ড থাকে। তাঁর বক্তব্য, সব প্রকল্পের সুবিধা প্রত্যেকের জন্য নয়। যাঁরা নির্ধারিত শর্ত পূরণ করবেন, তাঁরাই প্রকল্পের সুবিধা পাবেন।
তৃণমূলের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রসঙ্গ টেনে দিলীপের অভিযোগ, ব্যাপকভাবে আর্থিক সাহায্য দেওয়ার ফলে মানুষের মধ্যে সরকারি সুবিধা পাওয়া নিয়ে এক ধরনের অভ্যাস তৈরি হয়েছে। তাঁর মতে, সরকারি প্রকল্পকে দান হিসেবে ধরে নিয়ে সকলের সুবিধা পাওয়ার প্রত্যাশা করা ঠিক নয়।
উল্লেখ্য, ২০২১ সালে তৃণমূল সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছিল। পরে বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনার কথা ঘোষণা করা হয়। প্রতিশ্রুতি অনুযায়ী যোগ্য উপভোক্তাদের মাসিক তিন হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা বলা হয়।
তবে কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, তা নিয়ে শুরু থেকেই নানা জটিলতার অভিযোগ উঠেছে। বহু মহিলার দাবি, প্রয়োজনীয় শর্ত পূরণ করলেও তাঁদের অ্যাকাউন্টে এখনও টাকা পৌঁছয়নি। প্রশাসনের তরফে যোগ্য উপভোক্তাদের টাকা দেওয়ার আশ্বাস দেওয়া হলেও অভিযোগ থামেনি।
শুক্রবার অন্নপূর্ণা যোজনাকে কেন্দ্র করে একাধিক জেলায় বিক্ষোভের ছবি সামনে আসে। বিরাটিতে মহিলাদের রেললাইন অবরোধের ঘটনায় রেল চলাচল ব্যাহত হয়। পশ্চিম মেদিনীপুরেও বিক্ষোভকারীদের ক্ষোভের মুখে পড়তে হয় রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে।
পরে অগ্নিমিত্রা অভিযোগ করেন, তৃণমূলের লোকজন বিক্ষোভের পরিস্থিতিকে আরও উত্তপ্ত করার চেষ্টা করছেন। অন্যদিকে, অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া নিয়ে বিক্ষোভ যত বাড়ছে, ততই এই ইস্যু ঘিরে বিজেপি ও তৃণমূলের রাজনৈতিক চাপানউতোরও নতুন মাত্রা পাচ্ছে।


Recent Comments