সরকারি হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে নবজাতককে নিয়ে পালানোর চেষ্টার অভিযোগ উঠল দুই মহিলার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের বিএন বসু মহকুমা হাসপাতালে। ঘটনায় হাসিনা বিবি ও শবনম পারভিন নামে দুই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এক মহিলা তাঁর সদ্যোজাত শিশুকে ওয়ার্ডে রেখে কিছুক্ষণের জন্য শৌচালয়ে গিয়েছিলেন। সেই সুযোগে এক মহিলা ওয়ার্ডের ভিতরে ঢুকে ঘুমন্ত শিশুটিকে কাপড়ে জড়িয়ে কোলে তুলে নেন বলে অভিযোগ।
বিষয়টি নজরে আসে হাসপাতালের এক মহিলা কর্মী এবং ওয়ার্ডে থাকা কয়েকজনের। তাঁদের সন্দেহ হওয়ায় ওই মহিলাকে শিশুটিকে নিয়ে যাওয়ার কারণ জিজ্ঞাসা করা হয়। প্রথমে তিনি শিশুটির আত্মীয় বলে দাবি করেন। কিন্তু তাঁর কথাবার্তায় সন্দেহ কাটেনি হাসপাতালকর্মীদের।
এর পরেই হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। খবর দেওয়া হয় পুলিশকেও। পুলিশ হাসপাতালে পৌঁছে ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, শিশুটির সঙ্গে তাঁর কোনও আত্মীয়তার সম্পর্ক নেই। এরপর তাঁর এক সঙ্গীকেও আটক করা হয়।
পুলিশের তরফে দুই মহিলাকেই গ্রেফতার করা হয়েছে। কী উদ্দেশ্যে তাঁরা হাসপাতালে এসেছিলেন এবং কেন নবজাতককে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার বিষয়ে হাসপাতাল সুপার কোনও মন্তব্য করতে চাননি।


Recent Comments