back to top
Wednesday, September 23, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeজেলার খবরধর্মঘটের আগে রবিবারও খুলবে ব্যাঙ্ক, টানা ছুটির ধাক্কা এড়াতে কেন্দ্রের বড় সিদ্ধান্ত

ধর্মঘটের আগে রবিবারও খুলবে ব্যাঙ্ক, টানা ছুটির ধাক্কা এড়াতে কেন্দ্রের বড় সিদ্ধান্ত

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ব্যাঙ্ক পরিষেবা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আগামী ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন। তার আগে ২৬ ও ২৭ সেপ্টেম্বর শনিবার ও রবিবার থাকায় টানা কয়েকদিন ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকার সম্ভাবনা তৈরি হয়েছিল। সাধারণ মানুষের যাতে দীর্ঘ সময় ব্যাঙ্কিং পরিষেবা থেকে বঞ্চিত হতে না হয়, সে কথা মাথায় রেখে এবার রবিবারও ব্যাঙ্ক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নির্দেশ অনুযায়ী, আগামী ২৭ সেপ্টেম্বর রবিবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং গ্রামীণ ব্যাঙ্কগুলির শাখা খোলা থাকবে। ওই দিন স্বাভাবিক কাজকর্ম চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে ধর্মঘটের আগে টানা ছুটির কারণে ব্যাঙ্কিং পরিষেবায় যে চাপ তৈরি হতে পারত, তা কিছুটা কমানোর চেষ্টা করা হচ্ছে।

কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফেও বুধবার এ বিষয়ে বিবৃতি দেওয়া হয়েছে। মন্ত্রকের বক্তব্য, ব্যাঙ্কিং পরিষেবা সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দীর্ঘ সময় পরিষেবা ব্যাহত হওয়া উচিত নয়। সেই কারণেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও গ্রামীণ ব্যাঙ্কগুলিকে রবিবার পরিষেবা চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ব্যাঙ্ক ইউনিয়নগুলির কাছেও ধর্মঘট প্রত্যাহারের আবেদন জানানো হয়েছে।

শুধু ব্যাঙ্কের সাধারণ শাখাই নয়, সংশ্লিষ্ট অন্যান্য অফিস এবং এটিএম পরিষেবার সঙ্গে যুক্ত শাখাগুলিকেও খোলা রাখার কথা বলা হয়েছে। ফলে রবিবার প্রয়োজনীয় ব্যাঙ্কিং পরিষেবা পাওয়ার সুযোগ থাকবে গ্রাহকদের।

উল্লেখ্য, সরকারি ও বেসরকারি—দুই ধরনের ব্যাঙ্কের কর্মীদের জন্য সপ্তাহে পাঁচদিন কাজের দাবি দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছে ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন। তাদের দাবি, প্রতি সপ্তাহে শনিবার ও রবিবার ছুটি চালু করা হোক। এই দাবির বিষয়ে এখনও সিদ্ধান্ত না হওয়ায় ইউনিয়নের তরফে ফের ধর্মঘটের কর্মসূচি নেওয়া হয়েছে।

আগামী ২৮ থেকে ৩০ সেপ্টেম্বরের ধর্মঘটের আগে রবিবার ব্যাঙ্ক খোলা রাখার এই সিদ্ধান্তের ফলে গ্রাহকদের প্রয়োজনীয় লেনদেন ও অন্যান্য পরিষেবা নেওয়ার জন্য অতিরিক্ত একটি দিন পাওয়া যাবে।

আরো পড়ুন:  ভূতনীতে ত্রাণ নিতে বানভাসীদের হাহাকার, টিনের ডোঙায় চেপে সেতুর কাছে দুর্গতরা

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments