মহালয়ার আগেই পুজোর আমেজে বাধা হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েক দিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে উত্তরবঙ্গেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে মহালয়ার পর ধীরে ধীরে বৃষ্টির দাপট কমতে পারে বলে জানানো হয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার ও শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। তবে গোটা জেলায় একসঙ্গে বৃষ্টি হবে না। কিছু এলাকায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি নামতে পারে। শুক্রবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ওই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। এই কারণে জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
শনিবার মহালয়ার দিনেও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও আপাতত কোনও জেলায় সতর্কতা জারি করার মতো পরিস্থিতি নেই। এরপর রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া তুলনামূলক শুকনো থাকার সম্ভাবনা রয়েছে। ফলে পুজোর প্রস্তুতিতে কিছুটা স্বস্তি মিলতে পারে।
তবে সেই স্বস্তি দীর্ঘস্থায়ী নাও হতে পারে। আগামী বুধবার, অর্থাৎ পুজোর চতুর্থীর দিন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ফের হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গেও শুক্রবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ—উত্তরবঙ্গের আট জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার থেকে উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির প্রভাব কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। তবে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে। রবিবার দার্জিলিং ও কালিম্পংয়ে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন অংশে। আগামী কয়েক দিনের মধ্যেই পশ্চিমবঙ্গ-সহ এই অঞ্চলের আরও কিছু এলাকা থেকে মৌসুমি বায়ু সরে যেতে পারে। তবে বর্ষা বিদায়ের আগে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি চলতে পারে।
ফলে পুজোর আগে আপাতত আবহাওয়ার পুরোপুরি পরিবর্তন হচ্ছে না। মহালয়ায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও তার পর কয়েক দিন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে। তবে চতুর্থীতে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ফের বৃষ্টির পূর্বাভাস থাকায় পুজোর শুরুতেই আবহাওয়ার দিকে নজর রাখতে হবে।


Recent Comments