back to top
Monday, November 23, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeWeather Reportবঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, অন্ধ্রের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলার একাধিক...

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, অন্ধ্রের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলার একাধিক জেলায় বৃষ্টির সতর্কতা

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। সমুদ্রের উপর ক্রমশ শক্তি বাড়িয়ে উপকূলের দিকে এগিয়ে চলেছে এই ঘূর্ণিঝড়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার মধ্যরাতের মধ্যেই এটি তীব্র ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এরপর মঙ্গলবার আরও শক্তি সঞ্চয় করে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ল্যান্ডফল ঘিরে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি, এর প্রভাবে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, পূর্ব-মধ্য ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। সোমবার সকালে জন্ম নেওয়া এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘অর্ণব’। রাতের দিকে ঘণ্টায় প্রায় ১৫ কিলোমিটার গতিতে পশ্চিম দিকে এগিয়ে উপকূলের আরও কাছে পৌঁছেছে সেটি। বর্তমানে আন্দামানের শ্রীবিজয়পুরম থেকে প্রায় ৫৯০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং বিশাখাপত্তনম থেকে প্রায় ৬৫০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। কাকিনাড়া, মছিলিপত্তনম ও বাপাতলা উপকূলের দিকেও ক্রমশ এগিয়ে আসছে সেটি।

প্রাথমিক পূর্বাভাসে মঙ্গলবার সকালে ঘূর্ণিঝড়টি তীব্র আকার নিতে পারে বলে জানানো হয়েছিল। তবে সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, সোমবার মধ্যরাতের মধ্যেই ‘অর্ণব’ তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। মঙ্গলবার আরও শক্তি সঞ্চয় করে এটি অতি তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন আবহবিদেরা। এরপর উত্তর-পশ্চিম দিকে এগিয়ে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের বাপাতলা এবং বিশাখাপত্তনমের মধ্যবর্তী অঞ্চলে স্থলভাগে প্রবেশ করতে পারে ঘূর্ণিঝড়টি।

স্থলভাগে আছড়ে পড়ার সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছনোর আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই বঙ্গোপসাগরের সংশ্লিষ্ট অংশে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। সেখানে ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে বলে জানানো হয়েছে। ঘূর্ণিঝড়টি উপকূলের দিকে এগোনোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও প্রতিকূল হয়ে উঠতে পারে। অন্ধ্রপ্রদেশের পাশাপাশি দক্ষিণ ওড়িশার উপকূলবর্তী এলাকাতেও দুর্যোগের আশঙ্কা রয়েছে।

আরো পড়ুন:  বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! মঙ্গলবার থেকে দুর্যোগের সতর্কতা দক্ষিণবঙ্গে

ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গের আবহাওয়াতেও। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার ও বৃহস্পতিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত কম। একইভাবে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি কোনও কোনও এলাকায় ঝোড়ো হাওয়াও বইতে পারে।

দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা আরও বেশি। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার পুরুলিয়া ও বাঁকুড়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গেও বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এর মধ্যে কয়েকটি জেলায় ভারী বৃষ্টিও হতে পারে। বৃষ্টির প্রভাবে আগামী কয়েক দিনের মধ্যে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

ঘূর্ণিঝড়ের কারণে সমুদ্র উত্তাল হয়ে ওঠায় মৎস্যজীবীদের জন্যও সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবারের পর থেকে আপাতত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে তাঁদের। যাঁরা ইতিমধ্যেই মাছ ধরতে সমুদ্রে গিয়েছেন, তাঁদের মঙ্গলবারের মধ্যেই ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের গতিপথ ও শক্তির পরিবর্তনের উপর নির্ভর করবে আগামী দিনের পরিস্থিতি। তাই উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের আবহাওয়া দফতরের পরবর্তী নির্দেশের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments