উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চল এবং তার সঙ্গে থাকা ঘূর্ণাবর্তের প্রভাবে ফের বৃষ্টিমুখর পশ্চিমবঙ্গ। মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের মোট ৯টি জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরেও মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির দাপট থাকতে পারে।
উত্তরবঙ্গেও দুর্যোগের আশঙ্কা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলতে পারে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বর্ষণের সম্ভাবনা তুলনামূলক বেশি বলে পূর্বাভাস।
আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তবে শুক্রবার ও শনিবার ফের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি হতে পারে। অন্যদিকে, সপ্তাহান্তে উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে।
এরই মধ্যে নিম্নচাপটি সরে ঝাড়খণ্ডের দিকে অবস্থান করলেও মৌসুমি অক্ষরেখা দিঘার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগরের উপর নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ায় রাজ্যে বৃষ্টির পরিস্থিতি বজায় রয়েছে।
নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বইছে। ঘণ্টায় প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে বলে পূর্বাভাস। ফলে সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের আপাতত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ক্যালেন্ডারে শরৎকাল শুরু হলেও আনুষ্ঠানিকভাবে এখনও পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নেয়নি। তাই আগামী কয়েক দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টি ও দুর্যোগের পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে।


Recent Comments