পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠনের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে উচ্ছ্বাসে মেতে উঠেছেন গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা। কেউ মিষ্টি বিলিয়ে, কেউ আবার বিশেষ পুজো-অর্চনার মাধ্যমে উদযাপন করছেন এই রাজনৈতিক পালাবদল। তবে মালদার গাজোলে দেখা গেল এক ব্যতিক্রমী দৃশ্য।
প্রায় ৪৬ বছরের পুরনো প্রতিজ্ঞা পূরণ করতে মাথা ন্যাড়া করলেন ৮০ বছরের এক বৃদ্ধ।গাজোলের মশালদিঘি এলাকার বাসিন্দা অতুল চন্দ্র বিশ্বাস ১৯৮০ সালে এক অদ্ভুত শপথ নিয়েছিলেন। তাঁর প্রতিজ্ঞা ছিল, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তিনি চুল ও দাড়ি কাটবেন না। সেই সময় থেকেই দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে নিজের প্রতিজ্ঞা অটুট রেখেছিলেন তিনি।অবশেষে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসার পর সোমবার গ্রামে উৎসবের আবহে নিজের সেই প্রতিজ্ঞা পূরণ করেন অতুলবাবু
। ঢাক-ঢোল বাজিয়ে, বিজেপি কর্মী-সমর্থকদের উপস্থিতিতে গ্রামের মধ্যেই দাড়ি-চুল কেটে মাথা মুড়িয়ে ফেলেন তিনি। এই বিরল মুহূর্ত দেখতে ভিড় জমান কয়েকশ গ্রামবাসী।মাথা ন্যাড়া করার পর দুধ দিয়ে স্নান করে নতুন পোশাক পরেন অতুলবাবু। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “দীর্ঘদিনের আশা পূরণ হয়েছে। বাংলায় বিজেপি সরকার এসেছে, এবার রাজ্যে শান্তি ও উন্নয়ন ফিরবে বলেই আমার বিশ্বাস।”
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজোল-২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রিনা কীর্তনীয়া, পঞ্চায়েত সমিতির সদস্য এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব। অতুলবাবুর ৪৬ বছরের প্রতিজ্ঞা পূরণের এই ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। স্থানীয়দের একাংশের মতে, এই ঘটনা গাজোলে বিজেপির সমর্থন ও আবেগকে আরও একধাপ উস্কে দিল।

Recent Comments