থিয়েটারে আসতে এখনও প্রায় তিন সপ্তাহের বেশি সময় বাকি। অথচ তার আগেই ভারতের বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে হলিউডের বহুল প্রতীক্ষিত ছবি ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ (Avengers: Doomsday)। রিলিজের ২৩ দিন আগেই ছবিটির অগ্রিম টিকিট বুকিং থেকে আয় ৫০ কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। বক্স অফিস ট্র্যাকার সংস্থা স্যাকনিল্কের (Sacnilk) তথ্য অনুযায়ী, ব্লক করা আসন-সহ ছবিটির মোট অগ্রিম সংগ্রহ ইতিমধ্যেই ৫৩.৪৭ কোটি টাকায় পৌঁছেছে।
প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত সারা দেশে ছবিটির প্রায় ৮.৫০ লক্ষ টিকিট বুক করা হয়েছে। তবে ব্লক করা আসন বাদ দিলে প্রকৃত বিক্রিত টিকিটের সংখ্যা প্রায় ৭.৩০ লক্ষ। এই টিকিট বিক্রি থেকেই আয় হয়েছে ৪৫.৭১ কোটি টাকা। অগ্রিম বুকিংয়ের এই বিপুল সাফল্য থেকেই ভারতীয় দর্শকদের মধ্যে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের জনপ্রিয়তা আরও একবার স্পষ্ট হয়ে উঠেছে।
ছবিটি ঘিরে দর্শকদের উন্মাদনা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে মধ্যরাতের শোগুলিকে কেন্দ্র করে। ইতিমধ্যেই দেশের একাধিক শহরে মধ্যরাতের বেশ কিছু শোয়ের টিকিট শেষ হয়ে গিয়েছে। দর্শকদের বিপুল চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন প্রেক্ষাগৃহে অতিরিক্ত শো যোগ করার উদ্যোগও নেওয়া হচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় ভক্তদের তরফে
‘#OpenDoomsdayBookings’ হ্যাশট্যাগ জনপ্রিয় হয়ে ওঠে। এরপর নির্ধারিত সময়ের আগেই টিকিট বিক্রি শুরু করা হয়। ইংরেজি সংস্করণের পাশাপাশি হিন্দি, তামিল ও তেলুগু ভাষাতেও ছবিটি দেখার জন্য দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে প্রিমিয়াম ফরম্যাটের শোগুলির টিকিটের চাহিদা উল্লেখযোগ্য।
এই ছবির অন্যতম বড় আকর্ষণ হল রবার্ট ডাউনি জুনিয়রের প্রত্যাবর্তন। তবে এবার তাঁকে আয়রন ম্যানের চরিত্রে নয়, বরং মার্ভেলের ভয়ঙ্কর খলনায়ক ডক্টর ডুমের ভূমিকায় দেখা যাবে। অ্যান্থনি ও জো রুসোর পরিচালনায় ছবিটিতে ক্রিস ইভান্স, ক্রিস হেমসওয়ার্থ ও পেদ্রো পাস্কাল-সহ একাধিক পরিচিত অভিনেতা অভিনয় করেছেন।
বিশ্বজুড়ে আগামী ১৮ ডিসেম্বর ছবিটির রিলিজ হওয়ার কথা থাকলেও ভারতে এক দিন আগে, অর্থাৎ ১৭ ডিসেম্বর থেকে এটি দেখা যাবে। অগ্রিম বুকিংয়ের বর্তমান গতি বজায় থাকলে প্রথম দিনেই ভারতীয় বক্স অফিসে নতুন নজির গড়তে পারে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এখন দর্শক ও চলচ্চিত্র বাণিজ্য মহলের নজর ছবিটির প্রথম দিনের আয়ের দিকে।


Recent Comments