রাজ্যে গোহত্যা বন্ধে কড়া অবস্থান নেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর ঘোষণার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই পশুজবাইয়ের অভিযোগে চারজনকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার ভোরে মুর্শিদাবাদের সাগরদিঘির হাজিপুর এলাকায় এই ঘটনা সামনে আসে। পুলিশের দাবি, নির্জন একটি জায়গায় বিনা অনুমতিতে পশুজবাইয়ের কাজ চলছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে গোপন সূত্রে খবর আসে, সাগরদিঘি থানার অন্তর্গত শেখদিঘির হাজিপুর এলাকার একটি নির্জন স্থানে পশু জবাই করা হচ্ছে। খবর পাওয়ার পরেই দ্রুত ওই এলাকায় পৌঁছয় সাগরদিঘি থানার পুলিশ। সেখানে অভিযান চালিয়ে চারজনকে আটক করে পুলিশ। পরে তাঁদের গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মাংস মাটিতে পুঁতে নষ্ট করে দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
এই ঘটনার সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তার পিছনে কোনও বড় চক্র কাজ করছে কি না এবং উদ্ধার হওয়া মাংস কোথায় পাঠানোর পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।
উল্লেখ্য, সোমবারই রাজ্যে গোহত্যা বন্ধ করার বিষয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছিলেন, এই উদ্দেশ্যে রাজ্য সরকার নতুন করে বিল এনে আইন প্রণয়নের পরিকল্পনা করছে। তাঁর বক্তব্য, রাজ্যের বিভিন্ন জায়গায় এখনও লুকিয়ে গোহত্যার ঘটনা ঘটছে। সেই প্রবণতা বন্ধ করতেই প্রশাসনকে আরও সক্রিয় করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
পাশাপাশি বয়স্ক গরুদের দেখভালের জন্য গোশালাগুলিকে আর্থিক সহায়তা দেওয়ার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর ঘোষণা অনুযায়ী, গোশালাগুলিকে বছরে এক লক্ষ টাকা করে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
প্রসঙ্গত, ১৯৫০ সালের পশ্চিমবঙ্গ প্রাণিসম্পদ উন্নয়ন আইনের আওতায় গবাদি পশু জবাইয়ের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম ও বিধিনিষেধ রয়েছে। প্রশাসনের অনুমতি ছাড়া গবাদি পশু জবাই করা যায় না। পাশাপাশি ১৪ বছরের কম বয়সি গবাদি পশু জবাইয়ের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে। মাংস কাটার জন্য সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষ অথবা রাজ্যের প্রাণিসম্পদ দফতরের লিখিত অনুমোদন প্রয়োজন।
সাগরদিঘির এই ঘটনায় পুলিশের প্রাথমিক দাবি, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই পশুজবাই করা হচ্ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই চারজনকে গ্রেফতার করা হয়েছে। তবে তদন্তের পরেই এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের ভূমিকা এবং গোটা কর্মকাণ্ডের বিস্তারিত তথ্য সামনে আসবে।


Recent Comments