back to top
Monday, November 23, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeজেলার খবরমানবিক উদ্যোগ অগ্নিমিত্রার, মাঝপথে থামল মন্ত্রীর কনভয়, নিরাপদে রাস্তা পার হল রাজহাঁসের...

মানবিক উদ্যোগ অগ্নিমিত্রার, মাঝপথে থামল মন্ত্রীর কনভয়, নিরাপদে রাস্তা পার হল রাজহাঁসের দল

ব্যস্ত জাতীয় সড়কে গাড়ির ভিড়ের মধ্যে রাস্তা পার হচ্ছিল একদল রাজহাঁস। আচমকাই সেই দৃশ্য চোখে পড়ে রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের। আর দেরি না করে নিজের কনভয় থামিয়ে হাঁসগুলিকে নিরাপদে রাস্তা পার হওয়ার ব্যবস্থা করলেন তিনি। সোমবার বিকেলে আসানসোল থেকে কলকাতায় ফেরার পথে কাঁকসার রাজবাঁধে ১৯ নম্বর জাতীয় সড়কে ঘটে এই ঘটনা।

জানা গিয়েছে, ওই সময় জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল অগ্নিমিত্রা পালের কনভয়। হঠাৎ রাস্তার উপর একসঙ্গে বেশ কয়েকটি রাজহাঁসকে চলাফেরা করতে দেখেন তিনি। ব্যস্ত রাস্তায় দ্রুতগতির গাড়ির মধ্যে হাঁসগুলির দুর্ঘটনার আশঙ্কা থাকায় সঙ্গে সঙ্গে কনভয় থামানোর নির্দেশ দেন মন্ত্রী। এরপর নিজেই এগিয়ে এসে হাঁসগুলিকে রাস্তা পার হতে সাহায্য করেন।

ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, গাড়ি থামিয়ে হাঁসগুলির কাছে এগিয়ে যাচ্ছেন অগ্নিমিত্রা। স্নেহভরে ডাকতে ডাকতে তাদের রাস্তা পার হওয়ার সুযোগ করে দিচ্ছেন তিনি। পাশাপাশি হাঁসগুলির মালিকের খোঁজও করেন। মালিকের উদ্দেশে কিছুটা বিরক্তি প্রকাশ করে মন্ত্রী বলেন, হাঁস পুষলে তাদের দেখভালের দায়িত্বও নিতে হবে। এভাবে জাতীয় সড়কে ছেড়ে রাখলে যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। এতে যেমন হাঁসগুলির প্রাণহানির আশঙ্কা রয়েছে, তেমনই বিপদে পড়তে পারেন গাড়ির চালক ও যাত্রীরাও।

হাঁসগুলির থাকার জায়গা এবং পরিচ্ছন্নতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর বক্তব্য, এতগুলি হাঁসকে রাখার জন্য উপযুক্ত ও বড় জায়গার ব্যবস্থা করা প্রয়োজন। শুধু পোষ্য হিসেবে রাখলেই হবে না, তাদের নিরাপত্তা ও পরিচর্যার দিকেও নজর দিতে হবে।

উল্লেখ্য, একই দিনে রাজ্যের আর এক মন্ত্রী ইন্দ্রনীল খানের উদ্যোগেও একটি প্রাণী উদ্ধারের ঘটনা সামনে আসে। সোমবার সকালে গঙ্গার জলে ভেসে যেতে দেখা যায় একটি কুকুরকে। বিষয়টি নজরে আসার পর দ্রুত বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে যোগাযোগ করেন তিনি। পরে উদ্ধার করা হয় কুকুরটিকে।

আরো পড়ুন:  দন্ত্যচিকিৎসা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনাশিবির

একই দিনে দুই মন্ত্রীর এমন দুটি ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে আলোচনা শুরু হয়েছে। একদিকে গঙ্গা থেকে কুকুর উদ্ধার, অন্যদিকে জাতীয় সড়কে রাজহাঁসের দলকে নিরাপদে রাস্তা পার করানো—দুটি ঘটনাতেই উঠে এসেছে বিপন্ন প্রাণীদের সুরক্ষার প্রসঙ্গ।

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments