কর্মক্ষেত্রে গ্রাহকের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে আইনি বিপাকে পড়লেন এক ভারতীয় বংশোদ্ভূত যুবক। আমেরিকার টেক্সাসে এক মহিলা গ্রাহকের ফোন থেকে তাঁর ব্যক্তিগত ছবি নিজের ফোনে সরিয়ে নেওয়ার ঘটনায় রাহুল আনন্দকৃষ্ণনকে আটক করেছে মার্কিন অভিবাসন ও শুল্ক দপ্তর (ICE)। কাউন্টি জেলে সাজা ভোগ করার পর বর্তমানে তাঁর বিরুদ্ধে অভিবাসন সংক্রান্ত আইনি প্রক্রিয়া চলছে। এই মামলায় দেশে ফেরত পাঠানোর আশঙ্কাও তৈরি হয়েছে।
আদালতের নথি ও প্রশাসনিক বিবৃতি অনুযায়ী, রাহুল টেক্সাসের একটি মোবাইল নেটওয়ার্ক স্টোরে কর্মরত ছিলেন। সেখানে পরিষেবা নিতে আসা এক মহিলা গ্রাহকের ফোন হাতে পেয়ে তিনি ব্যক্তিগত গোপনীয়তার সুযোগ নেন বলে অভিযোগ। গ্রাহকের ফোনের গ্যালারি থেকে দুটি অন্তরঙ্গ ছবি এয়ারড্রপের মাধ্যমে নিজের ফোনে পাঠিয়ে নেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। পাশাপাশি ওই মহিলার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টেও বেআইনিভাবে প্রবেশ করেছিলেন বলে তদন্তে জানা যায়।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর ওই মহিলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ এবং গ্রেপ্তার করা হয় রাহুলকে। পরে ‘অ্যাটেম্পটেড ইনভেসিভ ভিজ্যুয়াল রেকর্ডিং’ অর্থাৎ বেআইনিভাবে ব্যক্তিগত ছবি সংগ্রহের চেষ্টার অভিযোগে আদালতে দোষী সাব্যস্ত হন তিনি। এই অপরাধের জন্য তাঁকে টেক্সাসের একটি কাউন্টি জেলে কারাদণ্ড ভোগ করতে হয়।
জেলের সাজা শেষ হওয়ার পরই রাহুলকে নিজেদের হেফাজতে নেয় মার্কিন অভিবাসন দপ্তর (ICE)। বর্তমানে তিনি একটি ডিটেনশন সেন্টারে আটক রয়েছেন। অভিবাসন আদালতে পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত তাঁকে সেখানেই থাকতে হবে। ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তাঁর ভিসা বা বসবাসের অনুমতি বাতিল করে আমেরিকা থেকে নির্বাসিত করার সম্ভাবনা রয়েছে। ঘটনাটি প্রবাসী ভারতীয় মহলে আলোচনার সৃষ্টি করেছে।


Recent Comments