Om Shankar Bhatta: মালয়েশিয়া ভ্রমণের পরিকল্পনা করছেন এমন ভারতীয় পর্যটকদের জন্য নতুন বছরে আসতে চলেছে বড় পরিবর্তন। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ভারতীয় নাগরিকদের জন্য চালু থাকা ৩০ দিনের ভিসা-ফ্রি প্রবেশের সুবিধা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার। ফলে নতুন নিয়ম কার্যকর হওয়ার পর থেকে মালয়েশিয়া যেতে ইচ্ছুক ভারতীয় পর্যটকদের ভ্রমণের আগেই বাধ্যতামূলকভাবে বৈধ ভিসা সংগ্রহ করতে হবে। এতদিন বিনা ভিসায় বিদেশ ভ্রমণের সুযোগ থাকলেও আগামী বছর থেকে সেই সুবিধা আর পাওয়া যাবে না।
মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের তরফে জানানো হয়েছে, ২০২৭ সালের ১ জানুয়ারি বা তার পরবর্তী সময়ে যাঁরা মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া শুরু হবে ২০২৬ সালের ১ ডিসেম্বর থেকে। অর্থাৎ, ভ্রমণকারীরা ডিসেম্বর মাস থেকেই নতুন নিয়ম অনুযায়ী ভিসার আবেদন করতে পারবেন। ভ্রমণের পরিকল্পনা চূড়ান্ত করার পাশাপাশি ভিসার প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পর্কে আগে থেকেই জেনে নেওয়া জরুরি হয়ে পড়বে।
উল্লেখ্য, মালয়েশিয়ার পর্যটন শিল্পকে আরও শক্তিশালী করতে ২০২৩ সালের ১ ডিসেম্বর ভারতীয় নাগরিকদের জন্য ৩০ দিনের ভিসা-ফ্রি এন্ট্রি সুবিধা চালু করা হয়েছিল। এই বিশেষ ব্যবস্থার ফলে ভারতীয় পর্যটকরা কোনও ভিসা ছাড়াই মালয়েশিয়ায় প্রবেশ করে সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত থাকতে পারতেন। এর জন্য আলাদা করে ভিসা সংগ্রহের প্রয়োজন পড়ত না। তবে ভ্রমণের তিন দিন আগে অনলাইনে মালয়েশিয়া ডিজিটাল অ্যারাইভাল কার্ড (MDAC)-এর জন্য নাম নথিভুক্ত করা বাধ্যতামূলক ছিল। এবার নতুন বছরের শুরু থেকেই সেই ব্যবস্থায় পরিবর্তন আসতে চলেছে।
নতুন ভিসা ব্যবস্থার পাশাপাশি আবেদন ফি নিয়েও গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে মালয়েশিয়ার অভিবাসন দপ্তর। জানানো হয়েছে, ভিসার জন্য আবেদন করার সময় যে ফি জমা দিতে হবে, তা কোনও পরিস্থিতিতেই ফেরতযোগ্য হবে না। আবেদন মঞ্জুর না হলেও সেই টাকা ফেরত পাওয়া যাবে না। একইভাবে, সরকারি নীতিতে ভবিষ্যতে কোনও পরিবর্তন এলে কিংবা পর্যটক নিজের ভ্রমণের পরিকল্পনা বাতিল বা পরিবর্তন করলেও জমা দেওয়া ভিসা ফি ফেরত দেওয়ার কোনও ব্যবস্থা থাকবে না।
এই পরিবর্তনের ফলে নতুন বছরে মালয়েশিয়া ভ্রমণে যাওয়ার আগে ভারতীয় পর্যটকদের আরও সতর্কভাবে পরিকল্পনা করতে হবে। ভিসা আবেদন, প্রয়োজনীয় নথিপত্র, সময়সীমা এবং আবেদন ফি সম্পর্কে আগেভাগে খোঁজ নেওয়া জরুরি। বিশেষ করে ভিসা ফি ফেরত না পাওয়ার নিয়ম থাকায় ভ্রমণের পরিকল্পনা চূড়ান্ত করে তারপর আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে। ২০২৭ সালের শুরু থেকে মালয়েশিয়া ভ্রমণে ভিসা বাধ্যতামূলক হওয়ায় ভারতীয় পর্যটকদের ক্ষেত্রে আগের তুলনায় প্রস্তুতি ও খরচ—দুই ক্ষেত্রেই বাড়তি গুরুত্ব দিতে হবে।

Recent Comments