
মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার গান্ধী স্মারক সংগ্রহালয়, ব্যারাকপুরের উদ্যোগে সংগ্রহালয়ের প্রেক্ষাগৃহে এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সূচনায় স্বাগত ভাষণ দেন সংগ্রহালয়ের অধিকর্তা-সম্পাদক ড. প্রতীক ঘোষ। সম্মানীয় বিশিষ্ট অতিথিবৃন্দের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলন ও মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বুলবুল সরকার।
সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গান্ধী স্মারক সংগ্রহালয়ের পরিচালন সমিতির সভাপতি মাননীয় ড. শঙ্করকুমার সান্যাল।

অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল বিশিষ্ট প্রকাশক, লেখক, অনুবাদক এবং শিল্পকলা, নাট্য, সাহিত্য ও রাজনীতি বিষয়ের বিশিষ্ট ভাষ্যকার অধ্যাপক শমীক বন্দ্যোপাধ্যায়ের ২৭তম মহাত্মা গান্ধী স্মারক বক্তৃতা। শমীকবাবু
তাঁর দীর্ঘ সাহিত্য-সাংস্কৃতিক কর্মযাত্রা এবং শিল্প, নাটক ও সাহিত্যের নানা ক্ষেত্রে অবদানের মধ্য দিয়ে বাংলা সংস্কৃতি ও বৌদ্ধিক পরিসরে একটি গুরুত্বপূর্ণ স্বাক্ষর রেখে চলেছেন।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও পশ্চিমবঙ্গের রাজ্য সহ-সভাপতি মনোজ পান্ডে, ব্যারাকপুর বিধানসভার মাননীয় বিধায়ক কৌস্তভ বাগচী এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপিকা ও গান্ধী স্টাডি সেন্টারের অধিকর্তা ড. সুপর্ণা গুপ্ত।
সংগ্রহালয়ের পক্ষ থেকে উপস্থিত সম্মানীয় অতিথিবৃন্দকে উত্তরীয় ও স্মারক হিসেবে চরকা উপহার দিয়ে সম্মানিত করা হয়। এই সম্মাননা পর্বে সংগ্রহালয়ের পক্ষে প্রতিনিধিত্ব করেন গ্রন্থাগার আধিকারিক মিলি হালদার।

অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁদের মূল্যবান বক্তব্যের মাধ্যমে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান এবং সমকালীন সমাজ ও জীবনে গান্ধীজির চিন্তা, আদর্শ ও মূল্যবোধের প্রাসঙ্গিকতা নিয়ে তাঁদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। আলোচনা পর্বের শেষে সভাপতির বক্তব্য প্রদান করেন ড. শঙ্করকুমার সান্যাল।
মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশিষ্ট অতিথিবর্গের উপস্থিতিতে প্রকাশিত হয় ‘গান্ধী পরিক্রমা’ গ্রন্থটির পরিবর্ধিত নতুন সংস্করণ। বাংলা ও বাঙালির সঙ্গে মহাত্মা গান্ধীর ওতপ্রোত সম্পর্কের বিভিন্ন দিক ও আঙ্গিক এই গ্রন্থের মাধ্যমে পাঠকদের সামনে নতুনভাবে উপস্থাপিত হবে।
আজকের এই তাৎপর্যপূর্ণ দিনে গান্ধী স্মারক সংগ্রহালয়ের প্রাক্তন সভাপতি, শ্রদ্ধেয় নারায়ণ বসুর স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে আত্মনির্ভরতার লক্ষ্যে একটি বিশেষ অনুদান প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়। সংগ্রহালয়ের স্বনির্ভরতা প্রকল্পের একজন প্রশিক্ষণার্থীকে তাঁর কর্মজীবনে এগিয়ে যাওয়ার পথে সহযোগিতা ও উৎসাহ প্রদানের উদ্দেশ্যে, প্রয়াত নারায়ণ বসুর জ্যেষ্ঠা কন্যা সুদীপা চক্রবর্তী এবং সহধর্মিণী রেখা বসু, পরিবারের পক্ষ থেকে ₹১০,০০০/- অর্থমূল্যের অনুদান প্রদান করেন।

অনুষ্ঠানের শেষে উপস্থিত বিশিষ্ট অতিথি, বক্তা, শ্রোতৃমণ্ডলী এবং সকল শুভানুধ্যায়ীকে ধন্যবাদ জ্ঞাপন করেন পরিচালন সমিতির সদস্য ও কলকাতা প্রেস ক্লাবের সভাপতি ড. স্নেহাশিস সুর।
সমাপ্তি সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগ্রহালয়ের অধিকর্তা-সম্পাদক ড. প্রতীক ঘোষ।
গান্ধীজির সত্য, অহিংসা, আত্মনির্ভরতা ও মানবতার আদর্শকে স্মরণ করে তাঁর চিন্তাকে বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এই প্রয়াসে গান্ধী স্মারক সংগ্রহালয়, ব্যারাকপুরের আজকের অনুষ্ঠান হয়ে উঠেছিল এক গভীর শ্রদ্ধা, স্মরণ ও মননের মিলনক্ষেত্র।


Recent Comments