বাংলাদেশে চিন্ময় প্রভুর মুক্তি এবং সেখানে বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার দাবিতে শনিবার কলকাতায় শান্তিপূর্ণ গণসমাবেশ ও মিছিলের ডাক দেওয়া হয়েছে।
ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়া (এনসিপিআই) এবং বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠান-এর যৌথ উদ্যোগে এই ঘোষণা করা হয়েছে।
উদ্যোক্তারা জানিয়েছেন, সকাল ১১টায় শিয়ালদহ স্টেশনে জমায়েতের পর মিছিল শুরুর কথা দুপুর ১২টায়। শিয়ালদহ থেকে মৌলালি হয়ে এ.জে.সি. বোস রোড ধরে মিছিল যাবে বাংলাদেশ মিশনে (উপদূতাবাসে)।
আয়োজকদের ঘোষিত দাবি:
- চিন্ময় প্রভুর মুক্তি
- সংখ্যালঘুদের নিরাপত্তা
- ধর্মীয় স্বাধীনতা ও অধিকার রক্ষা শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ কর্মসূচি।
প্রসঙ্গত, জাতীয় পতাকা অবমাননায় অভিযোগে ২০২৪ সালের ২৫ নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়। ওই মামলায় তাঁর জামিনকে কেন্দ্র করে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় নিহত আইনজীবীর বাবা জামাল উদ্দিন ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।
এ ছাড়া হত্যার চেষ্টা, হামলা, সরকারি কাজে বাধা, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় চারটি মামলা হয়। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছিল ভারত। হিন্দু-সহ সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ে’র নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয় দিল্লির তরফে।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা হারানোর পর ভারত-বাংলাদেশ সম্পর্কের অবনতি হয়। অন্তর্বর্তীকালীন সরকারের শাসনকালে অশান্ত পদ্মাপাড়ে গ্রেফতার হন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র। যদিও এখন পরিস্থিতির বদল ঘটেছে। ভোটে জিতে সরকার গড়েছে বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের জমানায় ধীরে ধীরে দুই দেশের সম্পর্কের উন্নতি হচ্ছে। এই অবস্থায় বাংলাদেশের সংখ্যালঘুরা চিন্ময় কৃষ্ণ দাসের জেলমুক্তির অপেক্ষায় রয়েছেন।


Recent Comments