নিজস্ব সংবাদদাতা: ভোটের আবহে উত্তর ২৪ পরগনার পানিহাটিতে রাজনৈতিক উত্তেজনা ফের প্রকাশ্যে এল। সোমবার মহাজাতি সেন্ট্রাল মোড়ে বিজেপির পথসভাকে ঘিরে সিপিএম ও বিজেপি কর্মীদের মধ্যে বচসা থেকে ধস্তাধস্তির ঘটনা ঘটে। ঘটনায় এক মহিলা সিপিএম কর্মী ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপি প্রার্থী রত্না দেবনাথের পথসভা চলাকালীন সিপিএম প্রার্থীর সমর্থনে টোটো প্রচার নিয়ে সেখানে পৌঁছন শ্রীলেখা মুখোপাধ্যায় ও তাঁর বাবা সুরজিৎ মুখোপাধ্যায়। অভিযোগ, টোটো সরানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সিপিএমের দাবি, তাঁদের প্রচারের ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয় এবং মাইকের তার কেটে দেওয়া হয়। বাধা দিতে গেলে মারধর করা হয় শ্রীলেখা ও তাঁর বাবাকে।
ঘটনার পর খড়দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শ্রীলেখা মুখোপাধ্যায়। তাঁর অভিযোগ, শুধু হামলাই নয়, অশ্লীল ভাষায় গালিগালাজ ও খুনের হুমকিও দেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে এলাকায়।
সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্ত বলেন, নারী নিরাপত্তা নিয়ে প্রচার চালালেও বাস্তবে বিজেপির আচরণে তাদের “নারীবিদ্বেষী চরিত্র” প্রকাশ পেয়েছে। অন্যদিকে বিজেপি নেতা কৌশিক চট্টোপাধ্যায় পাল্টা দাবি করেন, অনুমতি নিয়েই সভা চলছিল এবং আচমকা টোটো এনে মাইকের শব্দে সমস্যা তৈরি করা হয়। তাঁর কথায়, হামলার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ভোটের আগে এই ঘটনা রাজনৈতিক উত্তাপ আরও বাড়াল বলেই মনে করছে স্থানীয় মহল।


Recent Comments