পদত্যাগ না করার স্বপক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে অনিয়মের যে অভিযোগ এনেছেন, তার প্রতিবাদ করল নির্বাচন কমিশন।
কালীঘাটে সাংবাদিক বৈঠকে বিস্ফোরক তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি ইস্তফা দেব না।” অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ কিছু নেতানেত্রীকে পাশে নিয়ে মমতা বলেন, “আমি এখন মুক্ত বিহঙ্গ। নির্বাচন কমিশনের সঙ্গে মিলে খেলা খেলেছে বিজেপি। ১০০ আসন লুট করা হয়েছে। কাউন্টিংয়ে খেলা হয়েছে। আইএএস, আইপিএসদের সব বদলে দিয়েছে। ছাত্র জীবন থেকে রাজনৈতিক জীবন এমন নির্বাচন দেখিনি। সব সন্ত্রাসকে ছাপিয়ে গেল। ইন্ডিয়া জোটকে শক্ত করব।”
এর প্রেক্ষিতে কলকাতা দক্ষিণ ডিইও-র প্রতিবেদন থেকে উদ্ধৃতি দিয়ে মঙ্গলবার সিইও দফতর থেকে জানানো হয়েছে, “আজ একটি সংবাদ সম্মেলনে ১৫৯-ভবানীপুর বিধানসভা কেন্দ্রের এআইটিসি প্রার্থীর উত্থাপিত অভিযোগগুলি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।
ভারতের নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত সমস্ত যথাযথ প্রক্রিয়া এবং বাধ্যতামূলক আইন, বিধি ও প্রবিধান মেনে গণনা প্রক্রিয়াটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে। সিসিটিভি কখনও বন্ধ করা হয়নি এবং এআইটিসি প্রার্থী ও মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথিত ধাক্কাধাক্কির যেকোনো ঘটনা ভিত্তিহীন ও মনগড়া।
গণনা প্রক্রিয়াটি কিছুক্ষণের জন্য থামানো হয়েছিল কারণ তিনি তা থামাতে জোর দিয়েছিলেন। তবে পরে নির্দেশিকা অনুসারে তাঁকে জানিয়ে গণনা পুনরায় শুরু করা হয়।”


Recent Comments