সোশ্যাল মিডিয়ায় আদানি গোষ্ঠীকে নিয়ে করা একটি পোস্ট ঘিরে নতুন করে আইনি বিতর্কে জড়ালেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। আদানি এন্টারপ্রাইজেস লিমিটেডের চেয়ারম্যানকে উদ্দেশ করে করা মন্তব্যকে মানহানিকর বলে দাবি করে তাঁর কাছে আইনি নোটিস পাঠিয়েছে আদানি গোষ্ঠী। সংস্থার তরফে নিযুক্ত আইনজীবীদের ল ফার্ম ‘অ্যাকুইল’ বৃহস্পতিবার এই নোটিস পাঠিয়েছে বলে জানা গিয়েছে।
নোটিসে মহুয়া মৈত্রকে ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট পোস্টটি তাঁর এক্স (X) অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, ওই বক্তব্যের জন্য একই সামাজিক মাধ্যমে প্রকাশ্যে ক্ষমা চাওয়ারও দাবি জানানো হয়েছে। শুধু তাই নয়, ভবিষ্যতে আদানি গোষ্ঠী কিংবা সংস্থার চেয়ারম্যানকে নিয়ে এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকার জন্যও তাঁকে সতর্ক করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নোটিসের নির্দেশ পালন না করলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হতে পারে বলেও জানানো হয়েছে।
ঘটনার সূত্রপাত সম্প্রতি মহুয়া মৈত্রের একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আদানি গোষ্ঠীর চেয়ারম্যানকে একসঙ্গে তুলে ধরে একটি ব্যঙ্গচিত্র প্রকাশ করেন তিনি। ছবিটির সঙ্গে কটাক্ষপূর্ণ মন্তব্যও জুড়ে দেন তৃণমূল সাংসদ। তাঁর সেই পোস্ট প্রকাশ্যে আসার পরই তা নিয়ে রাজনৈতিক ও সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়।
আদানি গোষ্ঠীর আইনজীবীদের অভিযোগ, ওই পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রী এবং তাঁর দফতরের উপর সংস্থার চেয়ারম্যানের প্রভাব রয়েছে বলে ইঙ্গিত করা হয়েছে। তাঁদের দাবি, এই বক্তব্যের সঙ্গে বাস্তব তথ্যের কোনও ভিত্তি নেই এবং এটি নিছক রাজনৈতিক সমালোচনার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং পরিকল্পিতভাবে সংস্থার চেয়ারম্যানের সম্মানহানি করার উদ্দেশ্যেই এমন মন্তব্য করা হয়েছে বলে নোটিসে উল্লেখ করা হয়েছে।
আইনজীবীদের বক্তব্য, রাজনৈতিক মতপার্থক্য কিংবা সরকারের নীতির সমালোচনা গণতান্ত্রিক ব্যবস্থার স্বাভাবিক অংশ। তবে সেই সমালোচনার আড়ালে কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর মন্তব্য করা গ্রহণযোগ্য নয়। বিশেষত একজন নির্বাচিত জনপ্রতিনিধির কাছ থেকে দায়িত্বশীল বক্তব্য প্রত্যাশিত বলেও নোটিসে দাবি করা হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও নতুন করে চর্চা শুরু হয়েছে। তবে আইনি নোটিসের পর মহুয়া মৈত্রের তরফে কী পদক্ষেপ করা হয়, তিনি সংশ্লিষ্ট পোস্ট প্রত্যাহার করেন কি না কিংবা প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া জানান কি না, এখন সেদিকেই নজর থাকবে।


Recent Comments