Sushmita Sengupta: গিরিশ পার্ক থানায় হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে উত্তেজনা ছড়াল এলাকায়। তাঁর থানায় উপস্থিতিকে কেন্দ্র করে বাইরে বিক্ষোভ চলতে থাকে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সমর্থকদের ঘিরে।
শুক্রবার পুলিশি তলব মেনে গিরিশ পার্ক থানায় হাজির হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুলিশকে হুমকি দেওয়া ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলার তদন্তে তাঁকে হাজিরার নোটিস দেওয়া হয়েছিল।
অভিষেক থানায় পৌঁছতেই বাইরে বিজেপি ও তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে স্লোগান, পাল্টা স্লোগান শুরু হয়। বিজেপি সমর্থকদের একাংশ অভিষেককে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান দেন। অন্যদিকে, অভিষেককে সমর্থন জানাতে থানার বাইরে জড়ো হন তৃণমূল কর্মীরা।
এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল সমর্থকদের একাংশকে ধাক্কা দিয়ে এলাকা থেকে সরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এক মহিলা সমর্থককে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগও সামনে এসেছে। ঘটনাকে কেন্দ্র করে স্কটিশ চার্চ কলেজের সামনেও উত্তেজনা ছড়ায়।এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, আগে থেকে পুলিশকে চিঠি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের অনুরোধ জানানো হলেও থানার বাইরে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। অবিলম্বে পুলিশি হস্তক্ষেপের দাবিও জানিয়েছেন তিনি।
অভিষেকের বিরুদ্ধে অভিযোগের সূত্রপাত গত ২৯ অক্টোবর। পুলিশ ও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে মন্তব্য করতে গিয়ে কয়েকজন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি বলে অভিযোগ। সেই বক্তব্যের পর ৩১ অক্টোবর গিরিশ পার্ক থানায় অভিযোগ দায়ের হয়। তদন্তের স্বার্থে ২০ নভেম্বর হাজিরার নোটিস দেওয়া হয়েছিল তাঁকে।
পুলিশি তলব মেনে এদিন থানায় হাজির হন অভিষেক। তবে তাঁর হাজিরাকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘাত ও বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে গিরিশ পার্ক থানা চত্বর।

Recent Comments