বিচারব্যবস্থা নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের মুখে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে তাঁর সাম্প্রতিক মন্তব্যে অসন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাই কোর্ট। অন্যদিকে, রাজ্যের সিআইডি এবং ডায়মন্ড হারবার পুলিশ জেলার একাংশের বিরুদ্ধে বিজেপির সঙ্গে যোগসাজশ করে মিথ্যা ফৌজদারি মামলা সাজানোর অভিযোগ তুলেছেন তিনি। এই দুই ঘটনাকে ঘিরে শুক্রবার রাজ্য রাজনীতির পাশাপাশি আইনি মহলেও নতুন করে চর্চা শুরু হয়েছে। তবে আদালতের অসন্তোষ সত্ত্বেও অভিষেকের অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ বাড়িয়ে আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত বহাল রাখার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
বিচারপতিদের নিরপেক্ষতা এবং বিচারব্যবস্থার ভূমিকা নিয়ে অভিষেকের সাম্প্রতিক মন্তব্যের জেরে আদালতে বিতর্ক তৈরি হয়েছিল। এই মন্তব্যের প্রেক্ষিতে কলকাতা হাই কোর্টের বিচারপতি কৃষ্ণ রাও তাঁকে শো-কজ নোটিস পাঠিয়ে ১৫ দিনের মধ্যে জবাব চেয়েছেন। সেই ঘটনার পরই বৃহস্পতিবার গভীর রাতে সমাজমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করেন ডায়মন্ড হারবারের সাংসদ। সেখানে বিচারব্যবস্থার প্রতি আস্থা প্রকাশ করার পাশাপাশি রাজ্যের পুলিশ প্রশাসনের একাংশের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলেন তিনি।
শুক্রবার অভিষেকের অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধির আবেদনের শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য তাঁর মন্তব্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। বিচারপতির পর্যবেক্ষণ, একজন সাংসদের কাছ থেকে বিচারব্যবস্থা সম্পর্কে এই ধরনের মন্তব্য প্রত্যাশিত নয়। কারণ, জনপ্রতিনিধিদের বক্তব্যের প্রভাব তাঁদের অনুগামীদের উপরও পড়ে। বিচারব্যবস্থার বিরুদ্ধে এমন মন্তব্য অত্যন্ত বেদনাদায়ক বলেও উল্লেখ করেন তিনি।
তবে অভিষেকের মন্তব্যকে সরাসরি ইচ্ছাকৃত ও পরিকল্পিত আদালত অবমাননা হিসেবে গণ্য করা যায় কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি। তাঁর মতে, মন্তব্যগুলি এড়ানো সম্ভব ছিল এবং সেগুলি গ্রহণযোগ্য নয়। কিন্তু শুধু এই মন্তব্যের ভিত্তিতে অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধির আবেদন খারিজ করা যায় কি না, তা আলাদা করে বিবেচনা করা প্রয়োজন। বিচারপতি স্পষ্ট করেন, আদালত অবমাননার প্রক্রিয়া এবং কোনও মামলায় অন্তর্বর্তী রক্ষাকবচ বহাল রাখার বিষয় দুটি সম্পূর্ণ পৃথক আইনি বিষয়।
রাজ্য সরকারের তরফে অভিষেকের রক্ষাকবচের বিরোধিতা করা হলেও আদালত জানতে চায়, আগের নির্দেশের পর এমন কোনও নতুন পরিস্থিতি তৈরি হয়েছে কি না, যার ভিত্তিতে তাঁর অন্তর্বর্তী সুরক্ষা প্রত্যাহার করা যেতে পারে। শেষ পর্যন্ত আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত অভিষেকের অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ বাড়ানো হয়। শুনানিতে অভিষেকের হয়ে সওয়াল করেন আইনজীবী অয়ন ভট্টাচার্য। তিনি জানান, আদালত বা বিচারব্যবস্থা সম্পর্কে তাঁর মক্কেল কোথায় কী মন্তব্য করেছেন, সে বিষয়ে তাঁর বিস্তারিত জানা নেই। মক্কেলের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় নির্দেশ না পাওয়া পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়। তবে বিচারব্যবস্থার বিরুদ্ধে কোনও মন্তব্যকে তিনি সমর্থন করেন না বলেও জানান।
এদিকে, আদালতের এই শুনানির আগেই সমাজমাধ্যমে নিজের দীর্ঘ পোস্টে রাজ্যের পুলিশ প্রশাসনের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন অভিষেক। তাঁর দাবি, ডায়মন্ড হারবার থানার ৩৭৪ নম্বর মামলাটি সরকারি নথিতে ১৫ অগস্ট দায়ের হয়েছে বলে দেখানো হলেও, প্রকৃতপক্ষে ওই এফআইআর দায়েরের পরিকল্পনা করা হয়েছিল ১৬ অগস্ট। ঘটনার প্রকৃত সময় আড়াল করতেই মামলাটি আগের তারিখে নথিভুক্ত করা হয়েছে বলে অভিযোগ তাঁর।
অভিষেকের পোস্ট অনুযায়ী, ১৬ অগস্ট সিআইডির তদন্তকারী আধিকারিক রাজা নস্কর, অভিযোগকারিণী সৈয়দা সাকিনা ইয়াসমিন, বিজেপি নেতা ভাস্কর মণ্ডল এবং ডায়মন্ড হারবার থানার আইসি প্রসেনজিৎ করের মধ্যে একটি বৈঠক হয়েছিল। তাঁর অভিযোগ, ওই বৈঠকেই অভিযোগপত্র তৈরি করে থানার প্রিন্টারে ছাপানো হয় এবং পরবর্তী সময়ে মামলা দায়েরের পরিকল্পনা করা হয়। এই অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট দিনের ডায়মন্ড হারবার থানার সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণ এবং আদালতের তত্ত্বাবধানে তা পরীক্ষা করার আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
শুধু ৩৭৪ নম্বর মামলা নয়, সাম্প্রতিক আরও কয়েকটি পুলিশি পদক্ষেপ নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ। তাঁর দাবি, মাসুদ দফতারি নামে এক ব্যক্তিকে গ্রেফতারের পর সিআইডির আধিকারিকেরা তাঁকে চাপ দিয়ে অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে বয়ান আদায়ের চেষ্টা করছেন। অভিষেকের অভিযোগ, সুমিতকে উস্তি থানা থেকে সরিয়ে দুটি পৃথক জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাঁর বিরুদ্ধে প্রমাণ উদ্ধারের চেষ্টা সফল না হওয়ায় তাঁকে ডায়মন্ড হারবার থানায় নিয়ে এসে মাসুদ দফতারির সঙ্গে রাখা হয়। আদালতে পেশ করার ঠিক আগের রাতে এই ধরনের পদক্ষেপ কেন করা হল, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন সাংসদ। তাঁর আশঙ্কা, পুরনো মামলায় সুমিতকে নতুন করে জড়ানোর চেষ্টা হতে পারে।
এই ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগসূত্রের অভিযোগও সামনে এনেছেন অভিষেক। তাঁর বক্তব্য, মগরাহাট পশ্চিমের বিধায়ক শামিম আহমেদ কথিত মামলার নিরপেক্ষ তদন্ত চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন। অভিষেকের দাবি, গত ছয় মাসে পুলিশ তাঁকে একবারও তলব করেনি। কিন্তু রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলকে সমর্থন করার পর থেকেই তাঁর বিরুদ্ধে পুলিশি তৎপরতা বেড়েছে। কেন রাজনৈতিক অবস্থান বদলের পরই এই ধরনের পদক্ষেপ শুরু হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
সমাজমাধ্যমের পোস্টে অভিষেক আরও অভিযোগ করেছেন, রাজ্য পুলিশের একাংশ এবং বিজেপির কিছু নেতার মধ্যে যোগসাজশ থাকতে পারে। তাঁর দাবি, রাজনৈতিক স্বার্থসিদ্ধি, পছন্দের পদে পোস্টিং এবং আর্থিক সুবিধার উদ্দেশ্যে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। যদিও এই সমস্ত অভিযোগের সত্যতা এখনও আদালতে প্রমাণিত হয়নি।
পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে অভিষেক নিম্ন আদালত এবং কলকাতা হাই কোর্টের কাছে সংশ্লিষ্ট থানার সিসিটিভি ফুটেজ, জেনারেল ডায়েরি, এফআইআর সংক্রান্ত নথি, কেস ডায়েরি এবং অভিযুক্তদের হেফাজত ও স্থানান্তরের যাবতীয় রেকর্ড সংরক্ষণের আবেদন জানিয়েছেন। তাঁর বক্তব্য, রাজনৈতিক পরিচয় বা পদমর্যাদা নির্বিশেষে কেউ অপরাধের সঙ্গে যুক্ত থাকলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।
সব মিলিয়ে একদিকে বিচারব্যবস্থা নিয়ে মন্তব্যের কারণে হাই কোর্টের অসন্তোষ ও শো-কজ়ের প্রেক্ষাপট, অন্যদিকে পুলিশ প্রশাসনের একাংশের বিরুদ্ধে অভিষেকের নতুন অভিযোগ—দুটি ঘটনাকে ঘিরেই রাজ্য রাজনীতিতে উত্তাপ বেড়েছে। আদালত তাঁর মন্তব্যকে গ্রহণযোগ্য মনে না করলেও আপাতত অন্তর্বর্তী রক্ষাকবচ বহাল রেখেছে। এবার অভিষেকের তোলা পুলিশি যোগসাজশের অভিযোগের পরবর্তী আইনি পদক্ষেপ কী হয় এবং আদালতে এই বিতর্ক কোন দিকে এগোয়, সেদিকেই নজর রাজনৈতিক ও আইনমহলের।


Recent Comments