বর্ষার বৃষ্টির মধ্যেই ফের আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত। বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম অংশে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। কলকাতাতেও বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এই ঘূর্ণাবর্তের প্রভাবে শনিবারের মধ্যেই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে।
এর পাশাপাশি, বর্ষাকালীন অক্ষরেখাটিও সক্রিয় রয়েছে। রাজস্থান, দিল্লি, উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গের দিঘা পর্যন্ত বিস্তৃত এই অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। ফলে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
আগামী দু’দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় জারি করা হয়েছে ভারী বৃষ্টির সতর্কতাও। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও বর্ষার বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। নতুন নিম্নচাপ তৈরি হলে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলেই মনে করছেন আবহবিদরা।


Recent Comments