রাজ্যে আপাতত তাপমাত্রা খুব বেশি না বাড়লেও অস্বস্তিকর গরমে নাজেহাল সাধারণ মানুষ। আগামী দু’দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভ্যাপসা গরমের পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতাসহ একাধিক এলাকায় আকাশে মেঘ-রোদের লুকোচুরি চলবে। দিনের তাপমাত্রায় বড় পরিবর্তন না হলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বাড়বে।
পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আগামী দু’দিন তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করতে পারে। তবে বৃহস্পতিবারের পর থেকে আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই ঝড়বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও সতর্কতা জারি করা হয়েছে।
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার মতো জেলাগুলিতে ঝড়বৃষ্টির প্রভাব বেশি পড়তে পারে। অন্যদিকে উত্তরবঙ্গেও আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট। দার্জিলিংয়ের সমতল এলাকা, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আপাতত গরম ও অস্বস্তিকর পরিস্থিতি থাকলেও বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদদের মতে, পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খণ্ড ও ওড়িশা এলাকায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। পাশাপাশি উত্তর-পূর্ব ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপরেও আর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই দুই সিস্টেমের প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। তার জেরেই আগামী কয়েক দিনে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে।
সপ্তাহের শেষে বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও আশা করা হচ্ছে। ফলে দীর্ঘদিনের ভ্যাপসা গরম ও অস্বস্তি থেকে খানিকটা স্বস্তি মিলতে পারে রাজ্যবাসীর।


Recent Comments