Susmita Das: রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনা দেশগুলির উপর আরও কড়া চাপ তৈরি করল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ‘Lindsey O. Graham Sanctioning Russia and Iran Act of 2026’-এ স্বাক্ষর করেছেন। নতুন আইনে রাশিয়ার জ্বালানি কেনা পাঁচ বৃহত্তম দেশের পণ্যের উপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা প্রেসিডেন্টকে দেওয়া হয়েছে। রুশ তেলের অন্যতম বড় ক্রেতা ভারত ও চিনও এই ব্যবস্থার আওতায় পড়তে পারে।
তবে এখনই ভারতের সমস্ত পণ্যের উপর ১০০ শতাংশ শুল্ক বসছে না। আইনটি মূলত মার্কিন প্রেসিডেন্টকে নির্দিষ্ট পরিস্থিতিতে এই শুল্ক আরোপের ক্ষমতা দিয়েছে। আইন কার্যকর হওয়ার পর সংশ্লিষ্ট দেশগুলিকে চিহ্নিত করা এবং শুল্কের হার নির্ধারণের জন্য প্রশাসনিক প্রক্রিয়া রয়েছে। ফলে ভারতের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নির্ভর করছে ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের উপর।
রাশিয়ার তেল ভারতের জ্বালানি আমদানির একটি গুরুত্বপূর্ণ উৎস। ফলে নতুন মার্কিন আইনের প্রভাব নিয়ে ইতিমধ্যেই কূটনৈতিক ও বাণিজ্যিক মহলে আলোচনা শুরু হয়েছে। ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, দেশের ১৪০ কোটিরও বেশি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের অন্যতম অগ্রাধিকার। একই সঙ্গে ভারতের বাণিজ্যিক ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়েছে।
নতুন আইনের লক্ষ্য মূলত রাশিয়ার তেল ও গ্যাস বিক্রি থেকে আয় কমিয়ে মস্কোর উপর অর্থনৈতিক চাপ বাড়ানো। একই সঙ্গে রাশিয়ার উপর বিদ্যমান নিষেধাজ্ঞা আরও শক্তিশালী করার ব্যবস্থাও রয়েছে। আগামী দিনে ওয়াশিংটন এই নতুন ক্ষমতা কতটা প্রয়োগ করে, তার উপর ভারত-মার্কিন বাণিজ্য সম্পর্ক এবং ভারতের রুশ তেল আমদানির ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করবে।

Recent Comments