পুজোর আগে ফের স্বস্তির খবর দক্ষিণবঙ্গের জন্য। টানা বৃষ্টির পর শনিবার দুপুর বা বিকেলের পর থেকেই আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির পরিমাণ কমতে পারে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
শুক্রবার রাত থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। শনিবার সকালেও কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টির পরিস্থিতি দেখা গিয়েছে। কোথাও হালকা বৃষ্টি হয়েছে, আবার কোথাও বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টিও হয়েছে। তবে শনিবার দুপুরের পর থেকে পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় পরিষ্কার আকাশ দেখা যেতে পারে। যদিও উপকূলবর্তী কিছু এলাকায় অল্প সময়ের জন্য বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বড় ধরনের ঝড়-বৃষ্টির কোনও সতর্কতা নেই। তবে দক্ষিণবঙ্গ থেকে বর্ষা এখনও পুরোপুরি বিদায় না নেওয়ায় বাতাসে জলীয় বাষ্প থাকবে। এর প্রভাবে বিভিন্ন জায়গায় স্বল্প সময়ের জন্য বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
এদিকে উত্তরবঙ্গেও শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ও বিস্তারও কমার সম্ভাবনা রয়েছে।
প্রবল বৃষ্টির আশঙ্কায় শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সেবক থেকে রংপো পর্যন্ত ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পুজোর মুখে নতুন করে কোনও নিম্নচাপ তৈরি হলে আবহাওয়ার পরিস্থিতি ফের বদলাতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।


Recent Comments