দুর্গাপুজোর পাস বিক্রি ঘিরে আর্থিক দুর্নীতির অভিযোগে বড় ধাক্কা খেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা চন্দননগরের প্রাক্তন তৃণমূল বিধায়ক ইন্দ্রনীল সেন। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্ট তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই আবেদন খারিজ করেন। ফলে মামলায় তাঁর গ্রেফতারির আশঙ্কা আরও বাড়ল।
অভিযোগ, ইউনেস্কোর নাম ব্যবহার করে দুর্গাপুজোর ভিআইপি পাস চড়া দামে বিক্রি করা হয়েছিল। দুর্গাপুজোর প্রিভিউ শোয়ের আয়োজনকে কেন্দ্র করে কোটি কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগও উঠেছে। এই ঘটনায় জয়দীপ মুখোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে কলকাতার বৌবাজার থানায় এফআইআর দায়ের করা হয়। এরপরই তদন্ত শুরু করে পুলিশ।
এই মামলায় শুধু কলকাতা পুলিশ নয়, আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-ও। তদন্তের অংশ হিসেবে ইন্দ্রনীল সেনকে দু’বার সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর আগে তাঁর কসবার বাড়ি, সিঙ্গুরের বাগানবাড়ি-সহ একাধিক ঠিকানায় তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
তদন্তকারীদের অভিযোগ, দুর্গাপুজোর কার্নিভালের ভিআইপি পাস বিক্রির পাশাপাশি চলচ্চিত্র উৎসব ও কলকাতা বইমেলাকে কেন্দ্র করেও আর্থিক অনিয়ম হয়েছে। এ ছাড়াও নিজের ঘনিষ্ঠ সংস্থাকে বেআইনি ভাবে টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে। ইডির প্রাথমিক অনুমান, এই সমস্ত অভিযোগের সঙ্গে ৫০ থেকে ৬০ কোটি টাকার আর্থিক দুর্নীতির যোগ থাকতে পারে।
তবে তদন্তে ওঠা এই অভিযোগগুলির চূড়ান্ত সত্যতা এখনও আদালতে প্রমাণিত নয়। আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পর মামলাটি কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর রয়েছে।


Recent Comments