back to top
Saturday, August 22, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিঅন্নপূর্ণার টাকা না মেলায় জেলায় জেলায় বিক্ষোভ, উত্তপ্ত বালুরঘাট থেকে মধ্যমগ্রাম

অন্নপূর্ণার টাকা না মেলায় জেলায় জেলায় বিক্ষোভ, উত্তপ্ত বালুরঘাট থেকে মধ্যমগ্রাম

অন্নপূর্ণা যোজনার টাকা এখনও অ্যাকাউন্টে না ঢোকায় রাজ্যের বিভিন্ন জেলায় ক্ষোভে ফুঁসছেন উপভোক্তাদের একাংশ। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, মালদহ, পশ্চিম বর্ধমানের আসানসোল, পুরুলিয়ার রঘুনাথপুর এবং উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম, অশোকনগর-কল্যাণগড় ও বনগাঁয় বিক্ষোভের ঘটনা সামনে এসেছে। কোথাও সরকারি দফতর ঘেরাওয়ের চেষ্টা, কোথাও রাস্তা অবরোধ, আবার কোথাও পুরসভা চত্বরে বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।

বালুরঘাটে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া মহিলাদের একাংশ মহকুমা শাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখান। অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁরা প্রকল্পের টাকা পাননি। বিক্ষোভ চলাকালীন কয়েক জন মহিলা এসডিও অফিসের গেট খুলে ভিতরে ঢোকার চেষ্টা করেন বলে অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দফতরের মূল প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভকারীদের প্রশ্ন, অনেক উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছলেও যোগ্য হওয়া সত্ত্বেও তাঁদের নাম কেন বাদ পড়ছে।

একই ছবি দেখা যায় মালদহের ইংলিশবাজারেও। সেখানে পুরসভায় গিয়ে বিক্ষোভ দেখান শতাধিক মহিলা। তাঁদের অভিযোগ, আর্থিকভাবে দুর্বল হওয়া সত্ত্বেও তাঁরা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না। কেন টাকা আসছে না, সেই কারণ জানতে পুরসভায় এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বলেও অভিযোগ তাঁদের। কয়েক জনের ক্ষেত্রে পরিবারের বাড়িতে একাধিক ঘর থাকার কারণ দেখিয়ে প্রকল্পের সুবিধা না দেওয়ার অভিযোগ উঠেছে। বিক্ষোভকারীদের বক্তব্য, পরিবারের সদস্য সংখ্যা বেশি হলে একাধিক ঘর থাকাটা অস্বাভাবিক নয়, তাই শুধুমাত্র ঘরের সংখ্যার ভিত্তিতে আর্থিক অবস্থার বিচার করা ঠিক নয়।

পশ্চিম বর্ধমানের আসানসোলেও একই অভিযোগে মহকুমা শাসকের দফতরের সামনে বিক্ষোভ হয়। বিক্ষোভকারীদের দাবি, অনলাইন এবং অফলাইন—দুই ভাবেই আবেদন করা হলেও এখনও তাঁদের অ্যাকাউন্টে টাকা পৌঁছয়নি। প্রশাসনের পক্ষ থেকে যাঁরা টাকা পাননি, তাঁদের অনলাইনে অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে, পুরুলিয়ার রঘুনাথপুরে টাকা না পাওয়ার অভিযোগে রাজ্য সড়ক অবরোধ করেন মহিলাদের একাংশ। এর জেরে কিছু সময় যান চলাচলে সমস্যা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। বিক্ষোভকারীদের দাবি, আগে তাঁরা অন্য সরকারি প্রকল্পের সুবিধা পেলেও যোগ্য হওয়া সত্ত্বেও অন্নপূর্ণা যোজনার টাকা পাননি।

আরো পড়ুন:  'কমিশনের এত রদবদলে রাজ্যের কাজে ধাক্কা', একাধিক অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনারকে কড়া চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামেও অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়াকে কেন্দ্র করে রাস্তা অবরোধ করেন উপভোক্তাদের একাংশ। মধ্যমগ্রাম চৌমাথা সংলগ্ন এলাকায় বিক্ষোভের জেরে যানজট তৈরি হয় এবং যশোর রোডেও তার প্রভাব পড়ে। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। এরপর বিক্ষোভকারীদের একাংশ পুরসভায় গিয়ে আধিকারিকদের কাছে জবাবদিহির দাবি জানান।

অশোকনগর-কল্যাণগড় পুরসভাতেও বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, বিক্ষোভের সময় ভাঙচুরের ঘটনাও ঘটে। বিক্ষোভকারীদের দাবি, তাঁদের বাড়িতে যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সরকারি ওয়েবসাইটে আবেদন অনুমোদিত দেখানো হলেও পরে নানা তথ্যের কারণে তাঁরা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বনগাঁতেও একই অভিযোগে বিক্ষোভের খবর মিলেছে।

অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া নিয়ে একাধিক জেলায় একই ধরনের অভিযোগ সামনে আসায় উপভোক্তাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। প্রশাসনের কাছে দ্রুত সমস্যার সমাধান এবং যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পৌঁছে দেওয়ার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments