“সাংগঠনিক পরিচয়ের অপব্যবহার, বহিষ্কৃত/দায়িত্ব মুক্ত ব্যক্তিদের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি এবং সমবায় প্রতিষ্ঠানগুলিতে অননুমোদিত হস্তক্ষেপ” বন্ধে জরুরি প্রশাসনিক হস্তক্ষেপের জন্য পশ্চিমবঙ্গের সমবায় আন্দোলনে সহকার ভারতীর তরফে আবেদন করা হল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে।
সহকার ভারতী একটি সর্বভারতীয় সমবায় সংগঠন, যা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আদর্শগত অনুপ্রেরণায় ১৯৭৯ সাল থেকে দেশের সমবায় আন্দোলনের বিকাশ, সমবায় প্রতিষ্ঠানগুলির শক্তিবৃদ্ধি এবং সাধারণ মানুষের আর্থ-সামাজিক স্বনির্ভরতার লক্ষ্যে কাজ করে চলেছে। পশ্চিমবঙ্গে ২০০১ সাল থেকে সংগঠনটি সমবায় আন্দোলনের প্রসারে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
আবেদনপত্রে লেখা হয়েছে, “অত্যন্ত দুঃখ ও গভীর উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে, সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের সমবায় ক্ষেত্রে সহকার ভারতীর সাংগঠনিক ভূমিকা ও পরিচয়কে পরিকল্পিতভাবে অপব্যবহার করে, সংগঠনের সঙ্গে বর্তমানে সম্পর্কহীন এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের কারণে বহিষ্কৃত ব্যক্তিদের একটি গোষ্ঠী সহকার ভারতীর কার্যকর্তা হিসেবে নিজেদের উপস্থাপন করে বিভিন্ন জেলা, সমবায় প্রতিষ্ঠান এবং সরকারি দপ্তরে বিভ্রান্তি সৃষ্টি করছেন। এই পরিস্থিতির সাম্প্রতিকতম দৃষ্টান্ত হল পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ইউনিয়নের উদ্যোগে আগামী ১৪ নভেম্বর ২০২৬ তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত ‘সমবায় সম্মেলন ২০২৬’।
রাজ্যের সমবায় আন্দোলনে দীর্ঘদিনের সক্রিয় অংশগ্রহণ সত্ত্বেও সহকার ভারতীর রাজ্য নেতৃত্বকে অন্ধকারে রেখে সম্মেলনের আয়োজন ও সাংগঠনিক যোগাযোগের দায়িত্বে এমন ব্যক্তিদের রাখা হয়েছে, যাঁদের সহকার ভারতীর প্রতিনিধিত্ব করার কোনও বর্তমান সাংগঠনিক অধিকার নেই। আমরা মনে করি, এই ঘটনা নিছক একটি আমন্ত্রণজনিত ত্রুটি নয়; বরং রাজ্যের সমবায় ক্ষেত্রে সহকার ভারতীর প্রকৃত সাংগঠনিক অবস্থানকে দুর্বল করা এবং কালিমা লিপ্ত করার ধারাবাহিক প্রচেষ্টারই অংশ।
আমাদের উদ্বেগের বিষয়গুলি নিম্নরূপ:
১. সহকার ভারতীর সাংগঠনিক পরিচয় ও প্রতিনিধিত্বের অপব্যবহার:
সম্মেলন সংক্রান্ত সংযুক্ত তালিকায় উল্লিখিত একাধিক ব্যক্তি সহকার ভারতীর সদস্যপদ ও সাংগঠনিক দায়িত্ব থেকে বহিষ্কৃত অথবা অব্যহতি প্রাপ্ত। সংগঠনের সাংগঠনিক শৃঙ্খলা ও নির্দেশিকা গুরুতরভাবে লঙ্ঘনের কারণে তাঁদের সঙ্গে সহকার ভারতীর বর্তমান কোনও সাংগঠনিক সম্পর্ক নেই। তা সত্ত্বেও তাঁদের সহকার ভারতীর কার্যকর্তা হিসেবে পরিচিত করানো হচ্ছে। সংগঠনের অনুমোদিত প্রতিনিধি না হওয়া সত্ত্বেও তাঁরা সংগঠনের নামে তথ্য সংগ্রহ, বক্তব্য প্রদান বা প্রতিনিধিত্ব করার আস্ফালন দেখাচ্ছেন।
২. রাজ্য সমবায় ইউনিয়নের চেয়ারম্যানের ভূমিকা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন:
বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ইউনিয়নের চেয়ারম্যান পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস সরকারের আমলে সমবায় মন্ত্রীর এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হিসেবে মন্ত্রী র থেকে ও বেশি ক্ষমতা বান ছিলেন। তাঁর কার্যকালে রাজ্য সমবায় ইউনিয়ন, আরবান ফেডারেশন ও সমবায় শিক্ষা তহবিলের ব্যবহার ও আর্থিক ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন গুরুতর অনিয়মের অভিযোগ উত্থাপিত হয়েছে। এই অভিযোগগুলির নিরপেক্ষ তদন্ত এবং আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন বলে আমরা মনে করি।
বর্তমানে রাজ্য সমবায় ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্বে অধিষ্ঠিত হওয়ার পর থেকে তিনি সহকার ভারতীর রাজ্য নেতৃত্বের সঙ্গে কোনও প্রাতিষ্ঠানিক যোগাযোগ বা সমন্বয়ের উদ্যোগ নেননি। বরং সংগঠন থেকে বহিষ্কৃত ও সম্পর্কচ্ছিন্ন ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখে তাঁদের কার্যকলাপকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে। এমন একটি গুরুত্বপূর্ণ সমবায় প্রতিষ্ঠানের কালিমালিপ্ত নেতৃত্বের কাছ থেকে আমরা নিরপেক্ষতা, স্বচ্ছতা এবং রাজ্যের সকল সমবায় সংগঠনের প্রতি সমান মর্যাদা ও সহযোগিতার প্রত্যাশা করতে পারি না।
৩. জেলা, সমবায় অধিদপ্তর ও বিভিন্ন প্রতিষ্ঠানে ধারাবাহিক প্রবঞ্চকতা:
রাজ্যের বিভিন্ন জেলায়, সমবায় অধিদপ্তরে এবং সমবায়-সম্পর্কিত সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে সহকার ভারতীর অনুমোদিত কার্যকর্তাদের সাংগঠনিক কাজের ক্ষেত্রে ধারাবাহিকভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। অন্যদিকে, সংগঠনে কোনও বর্তমান দায়িত্ব বা অনুমোদন না থাকা সত্ত্বেও কিছু ব্যক্তি নিজেদের সহকার ভারতীর কার্যকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন সমবায় সমিতি, সমবায় ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানের কাছে তথ্য, নথিপত্র, সাংগঠনিক বিবরণ দাবি করছেন এবং ১৪ই নভেম্বর সমবায় সম্মেলন অনুষ্ঠানের নামে চাঁদা তুলছেন। এই ধরনের অননুমোদিত কার্যকলাপ কেবল সহকার ভারতীর সাংগঠনিক মর্যাদাকেই ক্ষুন্ন করছে না, সংশ্লিষ্ট সমবায় প্রতিষ্ঠানগুলির মধ্যে বিভ্রান্তি ও অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করছে যা সরকার ও আর এস এসের ভাবমূর্তি কলুষিত করছে। কোনও ব্যক্তি বা গোষ্ঠীর দ্বারা ব্যক্তিগত স্বার্থে সংগঠনের নাম ব্যবহার অবিলম্বে বন্ধ করতে হবে।
৪. সমবায় আন্দোলনের প্রাতিষ্ঠানিক নিরপেক্ষতা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষা:
সমবায় আন্দোলন কোনও ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত প্রভাব বিস্তারের ক্ষেত্র নয়। এটি একটি গণমুখী, অংশগ্রহণমূলক এবং স্বশাসিত আন্দোলন। বিভিন্ন সমবায় সংগঠন ও সামাজিক প্রতিষ্ঠানের স্বাধীনভাবে কাজ করার সুযোগ এবং পারস্পরিক সহযোগিতার পরিবেশ বজায় রাখা সরকারের দায়িত্ব।
সহকার ভারতী কোনও বিশেষ সুবিধা বা প্রশাসনিক পৃষ্ঠপোষকতা দাবি করে না। আমাদের দাবি প্রকৃত সাংগঠনিক পরিচয় ও অনুমোদিত নেতৃত্বকে স্বীকৃতি দেওয়া হোক এবং কোনও বহিষ্কৃত বা অননুমোদিত ব্যক্তি যেন সংগঠনের নাম ব্যবহার করে সরকারি বা সমবায় প্রতিষ্ঠানের উপর প্রভাব বিস্তার করতে না পারে। আমরা অত্যন্ত স্পষ্টভাবে জানাতে চাই যে, এই পরিস্থিতি আর বিচ্ছিন্ন বা সাময়িক সমস্যা হিসেবে বিবেচনা করার অবকাশ নেই। রাজ্যের প্রতিটি জেলায় এবং সমবায় ব্যবস্থার বিভিন্ন স্তরে এই ধরনের কার্যকলাপ সহকার ভারতীর সাংগঠনিক কাজকে বাধাগ্রস্ত করছে। সংগঠনের প্রকৃত কার্যকর্তাদের উপেক্ষা করে বহিষ্কৃত ব্যক্তিদের প্রশ্রয় দেওয়া এবং তাঁদের মাধ্যমে সমবায় প্রতিষ্ঠানগুলিতে প্রভাব বিস্তারের সুযোগ করে দেওয়া সুস্থ সমবায় পরিবেশের পরিপন্থী।
অতএব, আপনার কাছে আমাদের সুনির্দিষ্ট আবেদন:
১. সহকার ভারতীর সাংগঠনিক পরিচয় যাচাই ও স্বীকৃতি: সহকার ভারতী, পশ্চিমবঙ্গের বর্তমান অনুমোদিত রাজ্য নেতৃত্বের কাছ থেকে রাজ্য ও জেলা স্তরের পদাধিকারী এবং দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তাদের স্বাক্ষরিত তালিকা গ্রহণ করে তা সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরগুলিতে সংরক্ষণ ও প্রেরণের ব্যবস্থা করা হোক। ভবিষ্যতে সংগঠনের প্রতিনিধিত্ব দাবি করা কোনও ব্যক্তির পরিচয় এই অনুমোদিত তালিকার ভিত্তিতে যাচাই করার ব্যবস্থা করা হোক।
২. রাজ্যব্যাপী অভিন্ন প্রশাসনিক নির্দেশিকা জারি: রাজ্যের সমবায় দপ্তর, সমবায় অধিদপ্তর, জেলা সমবায় দপ্তর, সমবায় ব্যাংক, সমবায় সমিতি এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানকে একটি সুস্পষ্ট নির্দেশিকা পাঠানো হোক, যাতে সহকার ভারতীর নামে কোনও ব্যক্তি বা গোষ্ঠীর প্রতিনিধিত্ব দাবি করার ক্ষেত্রে সংগঠনের অনুমোদিত রাজ্য নেতৃত্বের লিখিত প্রত্যয়ন ও অনুমোদন যাচাই করা বাধ্যতামূলক হয়।
৩. অননুমোদিত তথ্য ও নথি সংগ্রহ বন্ধ: সহকার ভারতীর নাম বা পরিচয় ব্যবহার করে কোনও অননুমোদিত ব্যক্তি যাতে সমবায় প্রতিষ্ঠানগুলির কাছ থেকে নথি, তথ্য, আর্থিক বিবরণ বা সাংগঠনিক দলিল সংগ্রহ করতে না পারেন, সে বিষয়ে স্পষ্ট প্রশাসনিক নির্দেশ জারি করা হোক। যথাযথ অনুমোদন যাচাই না করে এ ধরনের কোনও দাবি গ্রহণ বা তথ্য সরবরাহ না করার ব্যবস্থা করা হোক।
৪. বহিষ্কৃত ব্যক্তিদের পরিচয় ও সাংগঠনিক অবস্থান যাচাই: সম্মেলন সংক্রান্ত সংযুক্ত তালিকায় উল্লিখিত ব্যক্তিদের বর্তমান সাংগঠনিক অবস্থান যাচাই করা হোক। সহকার ভারতীর অনুমোদিত প্রতিনিধি নন, এমন কোনও ব্যক্তিকে সংগঠনের প্রতিনিধি হিসেবে উপস্থাপন করা বা সংগঠনের নামে কার্যকলাপ পরিচালনা করা থেকে বিরত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
৫. সাংগঠনিক হস্তক্ষেপ ও হয়রানি বন্ধ: রাজ্যের বিভিন্ন জেলায় এবং সমবায়-সম্পর্কিত দপ্তর ও প্রতিষ্ঠানে সহকার ভারতীর অনুমোদিত কার্যকর্তাদের কাজে বাধা সৃষ্টি, তাঁদের উপেক্ষা এবং বহিষ্কৃত ব্যক্তিদের মাধ্যমে সাংগঠনিক বিভ্রান্তি তৈরির অভিযোগগুলি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
৬. আর্থিক অনিয়মের অভিযোগের তদন্ত: পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ইউনিয়ন, আরবান ফেডারেশন ও সমবায় শিক্ষা তহবিলের ব্যবহার ও আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত অভিযোগগুলি নিরপেক্ষ তদন্তের আওতায় আনা হোক এবং প্রয়োজনীয় অডিট ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা হোক।
৭. রাজ্য সমবায় ইউনিয়নের ভূমিকা পর্যালোচনা: রাজ্য সমবায় ইউনিয়নের কার্যক্রমে সকল সমবায় সংগঠনের প্রতি সমান আচরণ, স্বচ্ছতা এবং প্রাতিষ্ঠানিক নিরপেক্ষতা বজায় রাখা হচ্ছে কি না, তা পর্যালোচনা করা হোক। সহকার ভারতীর সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ ও সমন্বয়ের ব্যবস্থা করা হোক।
৮. সমবায় সম্মেলন ২০২৬-এর বিষয়টি পর্যালোচনা: সম্মেলনের আয়োজনে সহকার ভারতীকে সম্পূর্ণ উপেক্ষা করার কারণ অনুসন্ধান করা হোক এবং সম্মেলনের সাংগঠনিক তালিকায় সহকার ভারতীর নামে যাঁদের উপস্থাপন করা হয়েছে, তাঁদের প্রকৃত সাংগঠনিক অবস্থান যাচাই করা হোক।
৯. অভিযোগের নিষ্পত্তি ও জবাবদিহি নিশ্চিত করা: বিষয়টি তদন্তের জন্য সমবায় দপ্তরের একজন উপযুক্ত উচ্চপদস্থ আধিকারিককে দায়িত্ব প্রদান করা হোক। সহকার ভারতীর রাজ্য নেতৃত্বের সঙ্গে সরাসরি আলোচনার ব্যবস্থা করে অভিযোগগুলির নিষ্পত্তি এবং গৃহীত প্রশাসনিক পদক্ষেপ সম্পর্কে লিখিতভাবে অবহিত করার ব্যবস্থা করা হোক।
সহকার ভারতী পশ্চিমবঙ্গে সমবায় আন্দোলনের বিকাশে একটি দীর্ঘমেয়াদি ও গঠনমূলক ভূমিকা পালনে প্রতিশ্রুতিবদ্ধ। কৃষক, শ্রমজীবী মানুষ, ক্ষুদ্র উদ্যোক্তা, মহিলা স্বনির্ভর গোষ্ঠী এবং গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক ক্ষমতায়নে সমবায়কে আরও কার্যকর করে তোলাই আমাদের লক্ষ্য। আমরা কোনও ব্যক্তিগত বিরোধ বা পদমর্যাদার লড়াইয়ে জড়াতে চাই না। কিন্তু সংগঠনের নাম, পরিচয় ও মর্যাদাকে ব্যবহার করে একটি অননুমোদিত গোষ্ঠী যদি সমবায় প্রতিষ্ঠানগুলিতে প্রভাব বিস্তার করে এবং প্রকৃত কার্যকর্তাদের কাজকে বাধাগ্রস্ত করে, তবে তার বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক স্তরে প্রতিবাদ জানানো আমাদের দায়িত্ব।
আমাদের আবেদন, বিষয়টিকে একটি সংগঠনের অভ্যন্তরীণ বিরোধ হিসেবে সীমাবদ্ধ না রেখে রাজ্যের সমবায় ব্যবস্থার স্বচ্ছতা, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ও নিরপেক্ষতা রক্ষার প্রশ্ন হিসেবে বিবেচনা করা হোক।
আপনার সরাসরি হস্তক্ষেপে একটি সুস্পষ্ট প্রশাসনিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে বলে আমরা আশাবাদী, যাতে ভবিষ্যতে কোনও ব্যক্তি বা গোষ্ঠী কোনও সমবায় সংগঠনের নাম ও পরিচয়ের অপব্যবহার করে সরকারি দপ্তর বা সমবায় প্রতিষ্ঠানগুলিতে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে।
বিষয়টির গুরুত্ব বিবেচনা করে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং গৃহীত পদক্ষেপ সম্পর্কে আমাদের লিখিতভাবে অবহিত করার জন্য সনির্বন্ধ আবেদন জানাচ্ছি।
আবেদনপত্রে সই করেছেন সংগঠনের রাষ্ট্রীয় সম্পাদক ও পূর্ব ক্ষেত্র প্রমুখ নন্দিনী রায় ও অন্য প্রধান কর্মকর্তারা। এর অনুলিপি পাঠানো হয়েছে ভারত সরকারের কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ, পশ্চিমবঙ্গ সরকারের সমবায় মন্ত্রী অশোক কীর্তনীয়া ও সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগে।


Recent Comments