জীবনতলা এলাকায় একটি সভা থেকে হাফিজুল মোল্লা নামে এক নেতা ভোট গণনার দিন ‘স্টিম রোলার’ চালানোর হুঁশিয়ারি দেন। তিনি হাফিজুল দেউলি-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান। এই ঘটনায় কমিশনের নির্দেশে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
হাফিজুলের বিতর্কিত এই ভিডিও (যার সত্যতা হিন্দুস্থান সমাচার যাচাই করেনি) ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিয়োতে তিনি বলেন, “আমাদের ২৯ ভোট, ৪ মে গণনা। গণনার সন্ধ্যার পর থেকে বেইমান ও বিশ্বাসঘাতকদের উপরে ‘স্টিম রোলার’ চলবে, একথা আমরা খোলা আকাশের নিচে বলে যাচ্ছি। কারণ, এ লড়াই আমাদের জিততে হবে।”
এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই তা নির্বাচন কমিশনের নজরে আসে। এই ঘটনায় হাফিজুলকে গ্রেফতার করার নির্দেশ দেয় কমিশন। ধৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
স্থানীয় পুলিশ সূত্রে খবর, গত মঙ্গলবার সন্ধ্যায় দলীয় প্রার্থী বাহারুল ইসলামের সমর্থনে ভোটের প্রচার করছিলেন হাফিজুল ও তাঁর অনুগামীরা। একটি ভ্যানের উপরে উঠে হাফিজুল বলেন, যাঁরা আইএসএফ, বিজেপি করছে তাঁরা বিশ্বাসঘাতকতা করছেন। সাম্প্রদায়িক বিজেপি এবং আইএসএফকে একটিও ভোট দেওয়া যাবে না। এই সকল বিশ্বাসঘাতকদের উপর দিয়ে স্টিম রোলার চালানোর হুঁশিয়ারি দেন তিনি।


Recent Comments