“পশ্চিমবঙ্গে ‘আয়ুষ্মান ভারত’-এর মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রকল্পগুলি সঠিকভাবে বাস্তবায়িত হয়নি। ফলে সাধারণ মানুষ সহজলভ্য স্বাস্থ্যসেবার সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন।” সোমবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস বর্ধমান বিভাগের হাসান বিধানসভার তারাপুর বেসিক মোড় মাঠে ‘পরিবর্তন যাত্রা’য় এই মন্তব্য করেন।
ফড়নবিস বলেন, সাম্প্রতিক বছরগুলিতে পশ্চিমবঙ্গের শিল্পোন্নয়নের ক্রম-অবনতি হয়েছে। বিজেপি সরকার তৈরি করলে শিল্পক্ষেত্রে আস্থা ফিরিয়ে আনবে, অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণ করবে এবং উন্নয়নমূলক প্রকল্পগুলি যেন কোনও বৈষম্য ছাড়াই প্রত্যেক নাগরিকের কাছে পৌঁছায় তা নিশ্চিত করবে।
বিজেপি-র দাবি, পরিবর্তন যাত্রা জেলাজুড়ে ব্যাপক জনসমর্থন পাচ্ছে, যা উন্নয়ন, কর্মসংস্থান, নারী ক্ষমতায়ন, স্বচ্ছতা ও নিরাপত্তা-ভিত্তিক শাসনের প্রতি জনগণের ক্রমবর্ধমান সমর্থনকে প্রতিফলিত করছে।
ফড়নবিসের সঙ্গে বীরভূমের সভায় এ দিন ছিলেন মিঠুন চক্রবর্তী। দুজনের আলাপচারিতার ছবি যুক্ত করে ফড়নবিস এক্সবার্তায় লিখেছেন, “পশ্চিমবঙ্গের বীরভূমে বিজেপির জাতীয় নির্বাহী সদস্য এবং প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তীজির সাথে দেখা এবং আলাপচারিতা করতে পেরে আনন্দিত। আমাদের আলাপচারিতা প্রতিটি স্তরে দলকে শক্তিশালী করার এবং রাজ্য জুড়ে উন্নয়ন ও রূপান্তরের গতি আরও ত্বরান্বিত করার একটি যৌথ সংকল্পকে প্রতিফলিত করে।”

