ওড়িশা সীমান্তের তালসারি সমুদ্র সৈকতে শুটিং চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। রবিবার বিকেলে শুটিংয়ের ব্রেকের সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’-র স্পেশাল কিছু সিনের শুটিং চলছিল তালসারিতে। সেই সময় ইউনিটের কয়েকজন মেম্বারের সঙ্গে সমুদ্রে স্নান করতে নামেন রাহুল। স্থানীয় সূত্রে খবর, হঠাৎ একটি বড় ঢেউ এবং প্রবল জলোচ্ছ্বাসের কারণে তিনি সমুদ্রের গভীরে তলিয়ে যান। বেশ কিছুক্ষণ নিখোঁজ থাকার পর ইউনিটের টেকনিশিয়ান ও স্থানীয়দের সাহায্যে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
তৎক্ষণাৎ তাঁকে দিঘা স্টেট জেনারেল হাসপাতাল নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক অনুমান, জলে ডুবে তাঁর মৃত্যু হয়েছে।
চলচ্চিত্র জগতের পরিচিত মুখ ছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়। ‘মেঘে ঢাকা তারা’ এবং ‘জুলফিকার’-এর মতো ছবিতে অভিনয়ের জন্য তিনি বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসা পেয়েছিলেন। এছাড়াও ‘খাদ’, ‘আবার বছর কুড়ি পরে’ ছবিতেও তাঁর অভিনয় দর্শকদের নজর কাড়ে। ২০২৬ সালে তাঁর অভিনীত সিনেমা ‘অটোবায়োগ্রাফি’ রিলিজ হওয়ার কথা ছিল। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ধারাবাহিক ও ওয়েব সিরিজের শুটিং নিয়েই ব্যস্ত ছিলেন।
পরিচালক রাজ চক্রবর্তী সহ টলিউডের বহু তারকা এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। সহকর্মীদের কথায়, কয়েক ঘণ্টা আগেও তিনি সেটে হাসিখুশি মুডেই ছিলেন। তাঁর এই অকাল মৃত্যুতে টলিউড ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে।


Recent Comments