নাম না করে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার বুঝিয়ে দিলেন, দাক্ষিণ্যের ঝুলি পূর্ণ করার পর ভোটের মুখে ‘মৌসুমি হাওয়া’র মতো দলবদলু নেতাদের আর যাই হোক, অন্তত ক্ষমা করবেন না মালদহবাসী।
বাংলার সমকালীন রাজনীতিতে দ্রুত গন্তব্য বদলানো নেতার সংখ্যা কম নেই। সেই তালিকার অন্যতম একটি নাম মৌসম বেনজির নূর। কংগ্রেসের হাত ধরে রাজনীতিতে হাতেখড়ি হওয়া কোতোয়ালি পরিবারের এই মেয়ে গত কয়েক বছরে তৃণমূল হয়ে ফের পুরনো ঘর কংগ্রেসে ফিরেছেন।
এই ‘আসা-যাওয়া’র রাজনীতিকেই এদিন তুরুপের তাস করেছেন মমতা। তাঁর কথায়, “৬ বছর রাজ্যসভায় ছিলেন। ইস্তফা দিয়েছেন মাত্র এক মাস আগে। মা তাঁর সন্তানকে যতটুকু দিতে পারে, আমি সবটুকু দিয়েছি। কিন্তু লড়াইয়ের সময় যারা পালিয়ে যায়, সেই পলাতকদের কি আপনারা ক্ষমা করবেন?”
উত্তরবঙ্গের রাজনীতিতে গনিখান পরিবারের উত্তরাধিকার এক দীর্ঘস্থায়ী আবেগ। এ কথা সবারই মোটামুটি জানা। সেই আবেগে চড়েই কখনও বিধানসভা, কখনও লোকসভা, আবার কখনও রাজ্যসভার অলিন্দে পৌঁছেছেন মৌসম বেনজির নূর। কিন্তু শনিবার মালতীপুরের নির্বাচনী জনসভা থেকে সেই মৌসমকেই শ্লেষে বিঁধলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


Recent Comments