দিনদুপুরে মাঠ থেকে ছাগল চুরি করে পালানোর চেষ্টা করতে গিয়ে গ্রামবাসীদের হাতে ধরা পড়ল এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে সোমবার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় চোপড়ার ডাউক ব্যারেজ সংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে বাইকে করে তিনজন যুবক এলাকায় আসে। অভিযোগ, তারা মাঠে চরতে থাকা ছাগল চুরি করার উদ্দেশ্যেই সেখানে ঘোরাফেরা করছিল। প্রতিদিনের মতো ওইদিনও নিজের ছাগল মাঠে চরতে ছেড়ে দিয়েছিলেন স্থানীয় বাসিন্দা নগেন সরকার। সেই সময় এলাকাবাসীর নজরে পড়ে, এক অচেনা যুবক একটি ছাগল নিয়ে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করছে।
বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠেন। অভিযোগ, বাইকে করে পালানোর সময় দুই যুবক এলাকা থেকে চম্পট দিতে সক্ষম হলেও একজনকে ধরে ফেলেন গ্রামবাসীরা। এরপর ঘটনাস্থলে ভিড় জমে যায় এবং উত্তেজনার পরিবেশ তৈরি হয়।
খবর পেয়ে চোপড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধৃত যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
ছাগলের মালিক নগেন সরকার জানান, এর আগেও তাঁর তিনটি ছাগল চুরি হয়েছিল। এদিন স্থানীয়দের সতর্কতা ও দ্রুত পদক্ষেপের ফলে আরেকটি ছাগল চুরি হওয়ার হাত থেকে রক্ষা পায়।
এলাকাবাসীদের অভিযোগ, গত কয়েক মাস ধরে এলাকায় ছাগল চুরির ঘটনা বেড়ে গিয়েছে। চোরেরা সাধারণত বাইকে করে এসে মাঠ থেকে ছাগল তুলে দ্রুত পালিয়ে যায়। ধৃত যুবক দাসপাড়া এলাকার বাসিন্দা বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

Recent Comments