দীর্ঘ অপেক্ষার পর দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে পুনর্নির্বাচন। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, আজ, বৃহস্পতিবার মোট ২৮৫টি ভোটকেন্দ্রে নতুন করে ভোটগ্রহণ চলছে। সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই কেন্দ্রে ভোটদানের হার ২০.৪৭ শতাংশ।
উল্লেখ্য, গত ২৯ এপ্রিল রাজ্যে শেষ দফার বিধানসভা নির্বাচনের সময় ফলতা কেন্দ্রের বেশ কয়েকটি বুথে অনিয়মের অভিযোগ ওঠে। ইভিএমে কালি, আতর ও টেপ লাগানোর মতো গুরুতর অভিযোগ জমা পড়ে নির্বাচন কমিশনের কাছে। এই পরিস্থিতিতে কমিশনের পক্ষ থেকে ওই বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল করে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ২৪ মে এই ভোটের গণনা হবে।
এই পুনর্নির্বাচনকে কেন্দ্র করে আজ সকাল থেকেই সাজ সাজ রব। তবে ভোটের দিন সকাল থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান, যিনি এলাকায় ‘পুষ্পা’ নামে পরিচিত। জানা গেছে, এদিন সকাল থেকে জাহাঙ্গীরের বাড়ি এবং দলীয় কার্যালয়ের দরজা তালাবন্ধ ছিল। বারবার ডাকার পরেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
স্থানীয় ভোটারদের একাংশের অভিযোগ, বিগত বেশ কয়েকটি নির্বাচনে তাঁরা ঠিকমতো ভোট দিতে পারেননি। তাঁদের অভিযোগের আঙুল মূলত জাহাঙ্গীর খান ও তাঁর অনুগামীদের দিকেই। বাসিন্দাদের দাবি, জাহাঙ্গীরের বাহিনীর ভয়ে তাঁরা ভোট দিতে পারতেন না, এমনকি আঙুলে কালি লাগিয়েও ভোটকেন্দ্র থেকে ফিরে আসতে হতো তাঁদের।
এদিকে, নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে এক নাটকীয় পরিস্থিতিতে জাহাঙ্গীর খান ঘোষণা করেন যে তিনি এই ভোটে লড়ছেন না। যদিও মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা পেরিয়ে যাওয়ায় ইভিএমে জাহাঙ্গীরের নাম এবং তৃণমূলের প্রতীক যথারীতি রয়েছে। জাহাঙ্গীরের এই সরে দাঁড়ানোর নেপথ্যে দলের শীর্ষ নেতৃত্বের কোনো নির্দেশ রয়েছে কি না, তা স্পষ্ট নয়। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত।
অন্যদিকে, ফলতা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার সমর্থনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রোড শো করেছিলেন। সব মিলিয়ে, এই পুনর্নির্বাচনের ওপর এখন নজর রয়েছে রাজনৈতিক মহলের। সকাল ৭টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।


Recent Comments