নিজস্ব সংবাদদাতা : মালদা জেলার হবিবপুর ব্লকের আইহো ও ঋষিপুর অঞ্চলের মাঝামাঝি বুড়িতলা এলাকায় আইহো-সিঙ্গাবাদ রাজ্য সড়কের বেহাল অবস্থা ঘিরে চরম উদ্বেগ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। সাম্প্রতিক বৃষ্টির জেরে রাস্তার উপর জমে থাকা কাদামাটি আরও পিচ্ছিল হয়ে ওঠায় প্রতিদিন দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। মঙ্গলবার সকাল থেকেই ওই এলাকায় একাধিক ছোটোখাটো দুর্ঘটনার খবর সামনে আসে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আশপাশের কৃষিজমি থেকে ফসল বোঝাই ট্রাক্টর রাজ্য সড়কে ওঠানামা করার সময় চাকার সঙ্গে লেগে থাকা কাদামাটি রাস্তার উপর ছড়িয়ে পড়ছে। দীর্ঘদিন ধরে সেই মাটি পরিষ্কার না হওয়ায় রাস্তার উপর মোটা আস্তরণ তৈরি হয়েছে। বৃষ্টির জল পড়তেই তা কার্যত কাদার স্লিপারে পরিণত হয়েছে। ফলে মোটরবাইক, টোটো-সহ ছোটো যানবাহনের চালকদের ব্যাপক সমস্যার মুখে পড়তে হচ্ছে।
এলাকার বাসিন্দা পার্থ কর্মকার জানান, রাস্তার অবস্থা এতটাই বিপজ্জনক হয়ে উঠেছে যে যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। অন্যদিকে স্থানীয় বাসিন্দা চন্দ্র মণ্ডল অভিযোগ করেন, ট্রাক্টরের কারণেই রাস্তার এই দুরবস্থা তৈরি হয়েছে। দ্রুত প্রশাসনিক উদ্যোগে রাস্তার উপর জমে থাকা কাদা ও মাটি পরিষ্কার করার দাবি জানিয়েছেন তিনি।
যদিও বিষয়টি নিয়ে হবিবপুর ব্লক প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া মেলেনি। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে বড়সড় দুর্ঘটনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Recent Comments