back to top
Tuesday, June 30, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeজেলার খবরঅশোকনগরে নতুন সম্ভাবনার দিগন্ত, জুলাই থেকেই শুরু হতে পারে বাণিজ্যিক তেল উত্তোলন

অশোকনগরে নতুন সম্ভাবনার দিগন্ত, জুলাই থেকেই শুরু হতে পারে বাণিজ্যিক তেল উত্তোলন

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে অশোকনগরে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী জুলাই মাসের শেষ দিক থেকেই উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাইগাছি এলাকায় রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ওএনজিসি (ONGC)-র প্রকল্পে বাণিজ্যিকভাবে অপরিশোধিত খনিজ তেল উত্তোলন শুরু হতে পারে। এই প্রকল্প সফল হলে পশ্চিমবঙ্গের জ্বালানি খাতে এক নতুন অধ্যায়ের সূচনা হবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

প্রকল্পের সঙ্গে যুক্ত সূত্রের খবর, অশোকনগর এলাকায় ইতিমধ্যেই মোট সাতটি কূপ খনন করা হয়েছে। প্রথম পর্যায়ে বাইগাছির একটি কূপ থেকে তেল উৎপাদন শুরু করার লক্ষ্য নেওয়া হয়েছে। এরপর ধাপে ধাপে ভুরকুন্ডা, দৌলতপুর-সহ অন্যান্য এলাকাতেও উৎপাদন বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে এখান থেকে প্রাকৃতিক গ্যাসের বাণিজ্যিক উৎপাদনও শুরু করার পরিকল্পনা করেছে ওএনজিসি।

জানা গিয়েছে, এই প্রকল্পে প্রায় এক হাজার কোটি টাকার বিনিয়োগ করা হয়েছে। পাশাপাশি নদিয়ার রানাঘাট এলাকাতেও খনিজ তেলের সন্ধান মিলেছে, যা ভবিষ্যতে পূর্ব ভারতের জ্বালানি উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

উল্লেখ্য, ২০১৮ সালে অশোকনগরের বাইগাছিতে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভান্ডারের সন্ধান মেলে। এরপর ২০২০ সালে পরীক্ষামূলকভাবে প্রায় ৩৭৫ ব্যারেল অপরিশোধিত তেল উত্তোলন করা হয়। সেই পরীক্ষার ফল ইতিবাচক হওয়ার পর থেকেই বাণিজ্যিক উৎপাদনের প্রস্তুতি চলছিল।

এদিকে বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য দাবি করেছেন, প্রয়োজনীয় সরকারি অনুমোদন পেতে দীর্ঘ সময় লাগায় প্রকল্পটি পিছিয়ে গিয়েছিল। তবে সম্প্রতি সমস্ত ছাড়পত্র মেলায় কাজের গতি বেড়েছে এবং আগামী জুলাই থেকেই তেল উত্তোলনের কাজ শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তাঁর দাবি, এই প্রকল্প চালু হলে রাজ্যের রাজস্ব আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং অশোকনগর-সহ আশপাশের এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে।

বিশেষজ্ঞদের মতে, অশোকনগরের অপরিশোধিত তেলের API গ্র্যাভিটি ৪০ থেকে ৪১-এর মধ্যে, যা দেশের অন্যতম বৃহৎ তৈলক্ষেত্র বম্বে হাইয়ের তেলের মানের সঙ্গে তুলনীয়। এমনকি কিছু ক্ষেত্রে এই তেলের গুণগত মান আরও উন্নত বলেও বিশেষজ্ঞদের একাংশের মত।

আরো পড়ুন:  Eid Al Adha: কুরবানির ইদের আগে মালদার পান্ডুয়ায় খাসির বাজারে আগুন, দাম শুনে হতাশ ক্রেতারা

সব মিলিয়ে, বহু বছরের অপেক্ষার পর অশোকনগরের এই প্রকল্প বাস্তবায়নের পথে এগোচ্ছে। নির্ধারিত সময়ে বাণিজ্যিক উৎপাদন শুরু হলে পশ্চিমবঙ্গের জ্বালানি ও শিল্পোন্নয়নের ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক হয়ে উঠতে পারে।

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments