অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা থেকে বহু যোগ্য উপভোক্তা বঞ্চিত হয়েছেন—এই অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে ওঠে পুরাতন মালদা পৌরসভা চত্বর। বিজেপি মহিলা মোর্চার কর্মী-সমর্থকেরা পৌরসভার প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন। আন্দোলনের জেরে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
বিক্ষোভকারীদের দাবি, অন্নপূর্ণা যোজনার আওতায় বহু প্রকৃত উপভোক্তা এখনও পর্যন্ত সরকারি আর্থিক সহায়তা পাননি। তাঁদের অভিযোগ, রাজনৈতিক পক্ষপাতিত্বের কারণে প্রকৃত সুবিধাভোগীদের একটি বড় অংশ সরকারি অনুদান থেকে বঞ্চিত হচ্ছেন। অবিলম্বে সমস্ত যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে অনুদানের অর্থ পাঠানোর দাবিতে স্লোগান তুলে প্রতিবাদ জানান বিজেপি কর্মী-সমর্থকেরা।
এই আন্দোলনের নেতৃত্ব দেন পুরাতন মালদা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর স্বপ্না দাস। তাঁর অভিযোগ, বিষয়টি একাধিকবার প্রশাসনের নজরে আনা হলেও কোনও কার্যকর পদক্ষেপ করা হয়নি। তাই সাধারণ মানুষের স্বার্থে বাধ্য হয়েই আন্দোলনের পথে নামতে হয়েছে বলে দাবি করেন তিনি।
যদিও সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতি ভূষণ ঘোষ। তাঁর বক্তব্য, অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা প্রদান বা অর্থ বিতরণের সঙ্গে পৌরসভার কোনও প্রত্যক্ষ ভূমিকা নেই। আবেদনপত্রে ভুল বা প্রয়োজনীয় নথির ত্রুটি থাকলে অর্থপ্রাপ্তিতে সমস্যা হতে পারে। এই বিষয়কে রাজনৈতিকভাবে ব্যবহার করে পৌরসভাকে অযথা দায়ী করা হচ্ছে বলেও দাবি করেন চেয়ারম্যান।
ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য পৌরসভা চত্বরে উত্তেজনা তৈরি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, বঞ্চিত উপভোক্তাদের দ্রুত অনুদান না মিললে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার কথা ভাবা হবে।


Recent Comments