Sushmita Sengupta: সংসদের কাজ গত কয়েকদিন ধরেই ঠিকমতো চলছেনা। সরকার ও বিরোধীদের মধ্যে টানাপোড়েনের জেরে বারবার অধিবেশন ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতির মধ্যেই নয়াদিল্লিতে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলেন সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। প্রায় ৫০ মিনিট ধরে দু’জনের মধ্যে কথোপকথন চলে। এরপর থেকেই রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সরকারের দাবি, এটি ছিল একটি সৌজন্য সাক্ষাৎ। কিন্তু বিরোধীদের মতে, সংসদের অচলাবস্থা কাটানোর পথ খুঁজতেই এই বৈঠক হয়েছে। তাই এই সাক্ষাৎকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে ছিল সীমা পুনর্নির্ধারণ সংক্রান্ত বিল এবং বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইনের সংশোধনী বিল। এছাড়াও সংসদের কাজ কীভাবে স্বাভাবিক করা যায়, সেই বিষয়েও কথা হয়েছে বলে জানা গিয়েছে।
তবে বিরোধীরা তাদের আগের অবস্থানেই রয়েছে। তাদের দাবি, সীমা পুনর্নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবেনা। আগে সব দলের মতামত শোনা দরকার। এছাড়া আরও কয়েকটি ইস্যু নিয়ে সংসদে আলোচনা করার দাবিও তারা তুলেছে।
অন্যদিকে সরকারের বক্তব্য, দেশের গুরুত্বপূর্ণ বিল পাশ করানোর জন্য সংসদ চালানো খুবই জরুরি। কিন্তু বারবার বিক্ষোভের কারণে সেই কাজ ব্যাহত হচ্ছে। তাই আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে চাইছে সরকার।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সরকার ও বিরোধীদের মধ্যে মুখোমুখি আলোচনা হওয়া অবশ্যই ভালো দিক। তবে শুধু একটি বৈঠকেই সব সমস্যার সমাধান হবে, এমনটা এখনই বলা যাচ্ছেনা। আগামী কয়েকদিনে দুই পক্ষের মধ্যে আরও আলোচনা হলে পরিস্থিতি বদলাতে পারে।
এখন সবার নজর সংসদের পরবর্তী কার্যক্রমের দিকে। এই বৈঠকের পর সরকার ও বিরোধীদের মধ্যে সমঝোতা হয় কিনা, তার উপরই অনেকটা নির্ভর করবে সংসদের অচলাবস্থা কবে কাটবে।

Recent Comments