Susmita Das: উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়ল লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কনভয়ের পিছনে থাকা পাঁচটি গাড়ি। সোমবার সকালে লখনউ থেকে সুলতানপুরে আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে হালিয়াপুর এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটে। তবে রাহুল গান্ধী নিরাপদ রয়েছেন বলে পুলিশ ও কংগ্রেস সূত্রে জানানো হয়েছে। সংবাদ সংস্থা পিটিআইয়ের
প্রতিবেদন অনুযায়ী, সকাল প্রায় ১০টা ১৫ মিনিট নাগাদ কনভয়ের সামনের দিকে থাকা স্থানীয় কংগ্রেস নেতাদের একটি ব্যক্তিগত গাড়ি আচমকা ব্রেক কষে। এর জেরে পিছনে থাকা গাড়িগুলির মধ্যে পরপর সংঘর্ষ হয়। দুর্ঘটনায় কংগ্রেস কর্মী ও নিরাপত্তার দায়িত্বে থাকা কয়েক জন আহত হয়েছেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। কয়েকটি প্রতিবেদনে একটি অ্যাম্বুল্যান্সও সংঘর্ষে জড়িয়ে পড়ার কথা বলা হয়েছে। তবে আহতের সঠিক সংখ্যা এবং তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে প্রাথমিক পর্যায়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর কিছুক্ষণ থেমে পরিস্থিতি খতিয়ে দেখে কনভয় ফের সুলতানপুরের উদ্দেশে রওনা দেয়। রাহুল গান্ধী ২০১৮ সালে বেঙ্গালুরুতে এক নির্বাচনী কর্মসূচিতে তৎকালীন বিজেপি সভাপতি অমিত শাহকে নিয়ে করা মন্তব্যের জেরে দায়ের হওয়া মানহানির মামলায় বিশেষ সাংসদ-বিধায়ক আদালতে হাজিরা দিতে যাচ্ছিলেন। ওই মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল সোমবার। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে উত্তরপ্রদেশ পুলিশ বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে।
তদন্তকারীরা দেখবেন, আচমকা ব্রেক কষার কারণ কী ছিল এবং নিরাপত্তা ও যান চলাচল নিয়ন্ত্রণে কোনও গাফিলতি ছিল কি না। দুর্ঘটনার পরেও রাহুলের আদালতে পৌঁছনো ও মামলার শুনানি ঘিরে রাজনৈতিক মহলে নজর রয়েছে।

Recent Comments