মালদার বৈষ্ণবনগর থানার পুরাতন ১৮ মাইল এলাকায় সাত বছরের এক শিশুর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শিশুটিকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠেছে তার সৎ মায়ের বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মৃত শিশুটি স্থানীয় একটি বেসরকারি স্কুলের প্রথম শ্রেণির পড়ুয়া। শনিবার সকালে বাড়ি থেকে তার দেহ উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পরে দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শিশুটির বাবা ইজাজ আমহেদ কর্মসূত্রে ভিনরাজ্যে থাকেন। প্রায় ছয় বছর আগে তাঁর প্রথম স্ত্রী মারা যান। এরপর তিনি দ্বিতীয় বিয়ে করেন। অভিযোগ, দ্বিতীয় স্ত্রী রুমা খাতুনের সঙ্গে বিয়ের পর থেকেই শিশুটির উপর অত্যাচার করা হতো।
পরিবারের অভিযোগ, শুক্রবার শিশুটিকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এই ঘটনায় শিশুটির মামাবাড়ির পক্ষ থেকে বৈষ্ণবনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত রুমা খাতুনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ আরও স্পষ্ট হবে।


Recent Comments