মসজিদ-সহ বিভিন্ন ধর্মীয় স্থান থেকে লাউডস্পিকার খুলে নেওয়ার সরকারি অভিযানের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে একটি পক্ষ। এই বিষয়ে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি চেয়ে সোমবার আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়।
আবেদনকারী দানিশ ফারুকীর হয়ে আইনজীবী হিসেবে আদালতে সওয়াল করেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ মামলাটি দায়েরের অনুমতি দিয়েছে। আগামী বৃহস্পতিবার মামলাটির শুনানি হতে পারে বলে জানা যাচ্ছে।
এর আগে রাজ্যজুড়ে ধর্মীয় স্থানগুলিতে লাউডস্পিকার নিয়ে পুলিশের অভিযান শুরু হয়েছে। রাজ্য সরকারের দাবি, শব্দদূষণ সংক্রান্ত নিয়ম এবং ২০২০ সালের কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনেই এই পদক্ষেপ করা হচ্ছে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত রাজ্যের বিভিন্ন ধর্মীয় স্থান থেকে মোট ৫ হাজার ২৯৯টি লাউডস্পিকার খুলে নেওয়া হয়েছে। এর মধ্যে মসজিদ থেকে ৪ হাজার ২০৩টি এবং মন্দির থেকে ১ হাজার ৯৬টি লাউডস্পিকার সরানো হয়েছে বলে জানানো হয়েছে।
সরকারের বক্তব্য, কোনও নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়কে লক্ষ্য করে এই অভিযান চালানো হচ্ছে না। ধর্মীয় স্থানের ভিতরে শব্দ নির্দিষ্ট সীমার মধ্যে থাকলে সমস্যা নেই বলেও সরকারের তরফে জানানো হয়েছে।
তবে এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়েছেন। তাঁর দাবি, বিভিন্ন এলাকায় লাউডস্পিকার খুলে নেওয়ার জন্য পুলিশ হুমকি দিচ্ছে।
অন্যদিকে, বিষয়টি নিয়ে রাজ্য সরকারের কাছে আপত্তি জানিয়েছেন আরও কয়েকজন রাজনৈতিক নেতাও। এখন আদালতে এই মামলার শুনানির দিকে নজর রয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।


Recent Comments