back to top
Sunday, September 20, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিবিস্ফোরণে কেঁপে উঠল বারুইপুর, তৃণমূল নেতার বাড়ির চাল-দরজা উড়ে পড়ল দূরে

বিস্ফোরণে কেঁপে উঠল বারুইপুর, তৃণমূল নেতার বাড়ির চাল-দরজা উড়ে পড়ল দূরে

গভীর রাতে বিকট বিস্ফোরণে কেঁপে উঠল বারুইপুরের উত্তরভাগ লাল পোল এলাকা। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা দ্বিজেন মণ্ডলের দোতলা বাড়িতে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়। ভেঙে পড়ে দেওয়াল, উড়ে যায় ঘরের চাল, দরজা ও জানলা। এমনকী বাড়ির বিভিন্ন অংশ প্রায় ১০০ থেকে ২০০ মিটার দূরে গিয়ে পড়ে বলে দাবি স্থানীয়দের।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত দু’টো নাগাদ আচমকাই বিকট শব্দ শোনা যায়। এরপর বাড়িটিতে আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী এবং আগুন নিয়ন্ত্রণে আনে। পরে বারুইপুর থানার পুলিশও ঘটনাস্থলে যায়। শুক্রবার সকাল থেকে ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে পুলিশ ও বম্ব স্কোয়াড।

তৃণমূল সূত্রে দাবি, দ্বিজেন মণ্ডল ওই এলাকার যুব তৃণমূলের দায়িত্বে ছিলেন। তবে বর্তমানে তিনি বা তাঁর পরিবারের কেউ ওই বাড়িতে থাকেন না। স্থানীয়দের দাবি, ভোটের ফল প্রকাশের পর থেকেই তাঁরা এলাকা ছেড়ে চলে গিয়েছেন।

বিস্ফোরণের কারণ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির অভিযোগ, ওই বাড়িতে বিপুল পরিমাণ বোমা মজুত করা হয়েছিল। বারুইপুর পূর্বের ২ নম্বর বিজেপি মণ্ডল সভাপতি দীপঙ্কর কর্মকারের দাবি, আগে থেকেই বাড়িতে বোমা মজুত থাকার কথা পুলিশকে জানানো হয়েছিল। তাঁর অভিযোগ, সেই বিষয়ে যথাযথ তল্লাশি না হওয়াতেই এই বিস্ফোরণ ঘটেছে। ঘটনার তদন্ত এনআইএ-র হাতে দেওয়ারও দাবি জানিয়েছেন তিনি।

স্থানীয় বাসিন্দাদের একাংশেরও দাবি, বাড়িটিতে বোমা মজুত থাকার অভিযোগ তাঁরা আগে থেকেই শুনেছিলেন। বিস্ফোরণের পর আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। তবে এখনও পর্যন্ত ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটল, বাড়িতে আদৌ কোনও বিস্ফোরক মজুত ছিল কি না, তা খতিয়ে দেখছে বারুইপুর থানার পুলিশ ও বম্ব স্কোয়াড। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে সম্ভাব্য বিস্ফোরকের সন্ধান করা হচ্ছে।

Author

আরো পড়ুন:  ২০২৬ বিধানসভা নির্বাচন: পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে 'ড্রাই ডে' পালনের নির্দেশ নির্বাচন কমিশনের
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments