back to top
Tuesday, October 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeWeather Reportমায়ানমারের কাছে ফের নিম্নচাপের চোখরাঙানি! দক্ষিণবঙ্গে কি আবার ফিরবে ঝড়-বৃষ্টি?

মায়ানমারের কাছে ফের নিম্নচাপের চোখরাঙানি! দক্ষিণবঙ্গে কি আবার ফিরবে ঝড়-বৃষ্টি?

গত সপ্তাহের টানা বৃষ্টি ও ঝড়ের রেশ কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। মায়ানমারের উপকূলের কাছে তৈরি হওয়া একটি নিম্নচাপ অঞ্চল আগামী কয়েক দিনের মধ্যে আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর দিকে এগিয়ে যেতে পারে। আগামী দু’দিনের মধ্যে সেটি মায়ানমার-বাংলাদেশ উপকূল সংলগ্ন সমুদ্র এলাকায় পৌঁছনোর সম্ভাবনা রয়েছে। এর জেরে ওই অঞ্চলে সমুদ্র উত্তাল হতে পারে। ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়ার গতি ৬৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।

তবে নতুন এই নিম্নচাপের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে পড়ার সম্ভাবনা আপাতত কম। ফলে এখনই দক্ষিণবঙ্গে ফের বড় ধরনের ঝড়-বৃষ্টি শুরু হওয়ার কোনও পূর্বাভাস নেই। তবে নিম্নচাপটির গতিপথ এবং শক্তির পরিবর্তনের উপর আগামী দিনের আবহাওয়া অনেকটাই নির্ভর করবে।

নতুন নিম্নচাপের প্রভাবে মায়ানমার-বাংলাদেশ উপকূল সংলগ্ন পূর্ব-মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে সোমবার থেকে বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। তবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকার জন্য আপাতত কোনও সতর্কতা জারি করা হয়নি।

এর আগে বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে গত সপ্তাহে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ব্যাপক বৃষ্টি হয়েছিল। কলকাতা-সহ বিভিন্ন এলাকায় টানা বৃষ্টির জেরে জনজীবনেও প্রভাব পড়ে। পরে গভীর নিম্নচাপটি অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করলে ধীরে ধীরে তার প্রভাব কমতে শুরু করে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণও অনেকটাই কমেছে।

এদিকে সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৫ ডিগ্রি বেশি। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.১ ডিগ্রি কম।

নতুন নিম্নচাপটি কোন পথে এগোয় এবং তার শক্তি কতটা বাড়ে, এখন সেদিকেই নজর আবহাওয়া দফতরের। সেই অনুযায়ী পশ্চিমবঙ্গের পরবর্তী আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে নতুন পূর্বাভাস দেওয়া হবে।

আরো পড়ুন:  আগামী সপ্তাহে বদলাবে আবহাওয়া, কলকাতাসহ দক্ষিণবঙ্গে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments