Ankita Mondal: অসমে বড় ধাক্কা খেল ককরোচ জান্তা পার্টি বা CJP। গুয়াহাটিতে প্রথম আঞ্চলিক স্বেচ্ছাসেবক বৈঠকের ঠিক আগেই দলের কো-কনভেনর আশুতোষ রাঙ্কা সহ ৪০ জনের বেশি নেতা-কর্মীকে আটক করল অসম পুলিশ।
রবিবার, ২৭ সেপ্টেম্বর এই ঘটনাটি ঘটে অসম সচিবালয়ের কাছে দিসপুরে। পুলিশ সূত্রে খবর, একটি ব্যক্তিগত বাসভবনে CJP-র ‘ভলান্টিয়ার মিট-আপ’ হওয়ার কথা ছিল। তার ঠিক আগেই সচিবালয়ের উল্টোদিকের পার্কিং এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে ছিলেন CJP-র কো-কনভেনর এবং প্রধান মুখপাত্র আশুতোষ রাঙ্কা, পূর্ব ও উত্তর-পূর্বের দায়িত্বে থাকা অঙ্কিত ভরদ্বাজ, জয়েন্ট সেক্রেটারি প্রেম আকাশ গোলু এবং অসম কো-অর্ডিনেটর সাহিল সহ চার জন কেন্দ্রীয় কমিটির সদস্য। মোট ৩৫ থেকে ৫০ জন কর্মীকে আটক করা হয়েছে বলে দাবি করেছে CJP, যদিও পুলিশের খাতায় সংখ্যাটা ৩০ থেকে ৪০।
আটকের পর তাদের গুয়াহাটির কাহিলিপাড়ায় ১০ম অসম পুলিশ ব্যাটালিয়ন ক্যাম্পাসে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ ১২ ঘণ্টারও বেশি সময় হেফাজতে রাখার পর রাত ৯টা ৪০ মিনিট নাগাদ তাদের ছেড়ে দেওয়া হয়।
আশুতোষ রাঙ্কার অভিযোগ, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভয় পেয়েছেন বলেই এই আটক। তিনি বলেন, “হিমন্ত ভয় পেয়েছেন আমরা স্কুল, জমি, জঙ্গল এবং জলের আসল ছবি ফাঁস করে দেব বলে।”
CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের হুঁশিয়ারি, “হিমন্ত আমাদের সবাইকে গ্রেফতার করতে পারে।” তিনি জানান, আশুতোষরা অসমে ভোটার তালিকা সংশোধনে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করতে এবং সরকারি স্কুলের অবস্থা দেখতে গিয়েছিলেন।
আশুতোষের আরও দাবি, পুলিশ আধিকারিকরা জানিয়েছেন তারা উপর মহলের নির্দেশে কাজ করছেন, কিন্তু আটকের কোনও বৈধ কারণ দেখাতে পারেননি। এমনকি আইনজীবীদেরও তাদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ।
রবিবার রাতে মুক্তি পেয়ে আশুতোষ X-এ পোস্ট করে এই আটককে ‘বেআইনি’ বলে বর্ণনা করেছেন।

Recent Comments