Ankita Mondal: ভয়াবহ দুর্ঘটনা হরিয়ানায়। ছাদ ঢালাইয়ের সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা নির্মীয়মাণ বাড়ি। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হল ৬ জন শ্রমিকের। আহত হয়েছেন আরও ১২ থেকে ১৩ জন।
রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে আম্বালা শহরের কাছে ধুলকোট গ্রামে। পুলিশ সূত্রে খবর, তিনতলা বাড়িটির প্রথম তলার ছাদের লিন্টেলের জন্য কংক্রিট ঢালাইয়ের কাজ চলছিল। সেই সময় আচমকাই পুরো কাঠামোটি ভেঙে পড়ে।
বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। লোহা, ধুলো আর কংক্রিটের স্তূপের নীচে চাপা পড়ে যান বহু শ্রমিক। স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল, NDRF এবং SDRF-এর দল। রবিবার রাত পর্যন্ত ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। ধ্বংসস্তূপ থেকে ৯ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
পরে রবিবার গভীর রাতে ধ্বংসস্তূপ থেকে আরও ২ জনকে উদ্ধার করা হলেও হাসপাতালে তাদের মৃত বলে ঘোষণা করা হয়। ফলে সোমবার সকালে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬।
এক আধিকারিক জানান, এখনও কেউ আটকে আছে কিনা তা দেখতে উদ্ধারকাজ চলছে।
মৃতদের পরিবারের তরফে বাড়ির মালিকের বিরুদ্ধে FIR করার দাবি তোলা হয়েছে। কী কারণে এই নির্মীয়মাণ বাড়িটি ভেঙে পড়ল, তা খতিয়ে দেখছেন পুলিশ।

Recent Comments