Susmita Das: ভয়াবহ বিমান দুর্ঘটনায় নাইজেরিয়ায় প্রাণ হারালেন সামরিক বিমানের ৩২ জন আরোহী। সোমবার দক্ষিণ-পশ্চিম নাইজেরিয়ার ওন্দো প্রদেশের ইগবোকোদা এলাকায় বিমানটি ভেঙে পড়ে। নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু জানিয়েছেন, বিমানে থাকা ২৫ জন যাত্রী এবং সাত জন ক্রু-সকলেরই মৃত্যু হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে নাইজেরীয় বায়ুসেনাকে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
নাইজেরীয় বায়ুসেনা জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ছিল একটি ATR-42। এটি নিয়মিত একটি মিশনে বেনিন সিটি থেকে দেশের অর্থনৈতিক রাজধানী লাগোসের দিকে যাচ্ছিল। স্থানীয় সময় সকাল প্রায় ৯টার দিকে বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে উপকূলীয় শহর ইগবোকোদার কাছে একটি নৌঘাঁটির আশপাশে বিমানের ধ্বংসাবশেষের সন্ধান মেলে। ঘটনাস্থলে দ্রুত উদ্ধারকারী দল পাঠানো হয়।
প্রাথমিক ভাবে দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনও সিদ্ধান্তে পৌঁছনো যায়নি। স্থানীয় বাসিন্দাদের কয়েক জন জানিয়েছেন, বিমানটি ভেঙে পড়ার আগে তাঁরা বিকট শব্দ শুনেছিলেন। দুর্ঘটনাস্থলটি নদী ও জলাভূমি সংলগ্ন হওয়ায় উদ্ধারকাজেও চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। নৌকা ব্যবহার করে ধ্বংসাবশেষের আশপাশে তল্লাশি চালানো হয়।
নাইজেরীয় বায়ুসেনার তথ্য অনুযায়ী, ATR-42 বিমানটি গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও সামুদ্রিক টহলসহ বিভিন্ন সামরিক কাজে ব্যবহৃত হত। দুর্ঘটনাগ্রস্ত বিমানটি নিয়মিত মিশনেই ছিল বলে জানানো হয়েছে। তবে সেটি ঠিক কী কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ল, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্পষ্ট নয়।
দুর্ঘটনার পর প্রেসিডেন্ট টিনুবু নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। পাশাপাশি দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিমান দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের ফলাফলের দিকে এখন নজর রয়েছে।

Recent Comments