উৎসবের মরসুম শেষ হতে না হতেই রাজ্যের আবহাওয়ায় ফের পরিবর্তনের ইঙ্গিত। নিম্নচাপের প্রভাব কেটে গেলেও এখনই বৃষ্টির হাত থেকে পুরোপুরি রেহাই মিলছে না কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী বুধবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টির পরেই ধীরে ধীরে বদলাবে আবহাওয়ার পরিস্থিতি। সপ্তাহান্ত থেকে নামতে শুরু করবে তাপমাত্রার পারদ। উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.১ ডিগ্রি বেশি। অন্যদিকে, রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৮ ডিগ্রি কম। আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে ওঠানামা চলবে। প্রথম দু’দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। পরবর্তী দু’দিনে তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে শনিবার থেকে পারদ নিম্নমুখী হওয়ার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সোমবার থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও মঙ্গলবার ও বুধবার দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আপাতত কোনও জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি।
বুধবারের পর থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে। বৃষ্টির সম্ভাবনা কমে গিয়ে রাজ্যের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এরপর শনিবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। ফলে রাত ও ভোরের দিকে শীতের আমেজ আরও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে দিনের সর্বোচ্চ তাপমাত্রায় এখনই বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই।
উত্তরবঙ্গেও সপ্তাহের শুরুতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তবে উত্তরবঙ্গের কোথাও বড় ধরনের দুর্যোগের আশঙ্কা আপাতত নেই। বুধবারের পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
সব মিলিয়ে আগামী কয়েক দিন রাজ্যের আবহাওয়ায় বৃষ্টি ও তাপমাত্রার ওঠানামা চলবে। বুধবার পর্যন্ত কোথাও কোথাও বৃষ্টিতে ভিজতে পারে বাংলা। এরপর ধীরে ধীরে কমবে বৃষ্টির দাপট। সপ্তাহান্তে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে শীতের আমেজ বাড়ার অপেক্ষায় রাজ্যবাসী।


Recent Comments